এফ-১৬ যুদ্ধবিমানকে পারমাণবিক অস্ত্রবাহী করছে পাকিস্তান!
পারমাণবিক অস্ত্রের পরিমাণ ও মজুত বাড়াচ্ছে পাকিস্তান। নিয়ম-নীতির তোয়াক্কা না করে এফ-১৬ যুদ্ধবিমানসহ বেশ কিছু যুদ্ধবিমানকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম করে তুলছে দেশটি। যুক্তরাষ্ট্রের বুলেটিন অব অ্যাটোমিক সায়েন্টিস্টস সাময়িকীর প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া আজ শনিবার এ খবর জানিয়েছে।
প্রতিবেদনের লেখক হ্যান্স এম ক্রিসটেনসেন ও রবার্ট এস নরিস। স্যাটেলাইট থেকে পাওয়া পাকিস্তানের সেনা ছাউনি ও বিমান ঘাঁটির বিপুলসংখ্যক বাণিজ্যিক ছবি পর্যালোচনা করে সহজে স্থানান্তরযোগ্য ক্ষেপণাস্ত্র ও ভূগর্ভস্থ সুবিধাদির দেখা মেলার কথা জানিয়েছেন এই লেখকেরা। এগুলো পারমাণবিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে ওই প্রতিবেদনে তাঁরা তাদের ধারণার কথা বলেছেন।
পাকিস্তানের পারমাণবিক শক্তি সম্পর্কে ওই প্রতিবেদনে বলা হয়েছে, আরও ক্ষেপণাস্ত্র, বিপণন ব্যবস্থার উন্নয়ন ও ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জামের কারখানা বানানোর মাধ্যমে পাকিস্তান পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ কার্যক্রম চালাচ্ছে।
গত মাসে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে পাকিস্তান ১৩০-১৪০টি ক্ষেপণাস্ত্রসম্পন্ন পারমাণবিক অস্ত্র মজুত করেছে। ১৯৯৯ সালে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ধারণা করেছিল, ২০২০ সাল নাগাদ পাকিস্তানের এমন ক্ষেপণাস্ত্রের সংখ্যা হতে পারে ৬০-৮০টি। প্রতিরক্ষা গোয়েন্দাদের ধারণার চেয়ে দ্বিগুণ পরিমাণ পারমাণবিক অস্ত্র মজুত করেছে দেশটি। পারমাণবিক অস্ত্রের বিপণন ব্যবস্থার উন্নয়ন, চারটি প্লুটোনিয়াম উৎপাদনের চুল্লি স্থাপন ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এর ফলে দেশটি আগামী ১০ বছরে বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র মজুত করতে সক্ষম হবে।
প্রতিবেদনে বলা হয়, এখন থেকে এক দশক পরে ৩৫০টির মতো ক্ষেপণাস্ত্রসম্পন্ন পারমাণবিক অস্ত্র নিয়ে পাকিস্তান বিশ্বের তৃতীয় পারমাণবিক শক্তিধর দেশ হতে পারে। আর বর্তমান ধারায় চলতে থাকলে ২০২৫ সাল নাগাদ পাকিস্তানের কাছে ২২০-২৫০টির মতো ক্ষেপণাস্ত্রসম্পন্ন পারমাণবিক অস্ত্রের মজুত গড়ে উঠতে পারে। তেমনটা হলে পাকিস্তান হবে বিশ্বের পঞ্চম পারমাণবিক ক্ষমতাধর দেশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৮৩ থেকে ১৯৮৭ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমানগুলো সংগ্রহ করে পাকিস্তান। ৪০টি যুদ্ধবিমান হস্তান্তরের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ১৯৮৯ সালে কংগ্রেসকে বলে, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া পাকিস্তান এসব যুদ্ধবিমানে কোনো ধরনের সংযোজন-বিয়োজন করতে পারবে না। পাকিস্তানকে এই বাধ্যবাধকতা মানতে হবে। তবে পাকিস্তান এই বাধ্যবাধকতার তোয়াক্কা না করে এফ-১৬ যুদ্ধবিমানকে পারমাণবিক অস্ত্রবাহী করে তুলছে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এফ-১৬ যুদ্ধবিমানে পারমাণবিক অস্ত্র বহনের কোনো সুযোগ নেই। তবে পাকিস্তানই সম্ভবত প্রথম দেশ হিসেবে এসব যুদ্ধবিমানকে পারমাণবিক অস্ত্রবাহী করছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়।