এবার করাচির সেনা-পরিচালিত সব স্কুল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার পাকিস্তানের করাচি শহরের সেনাবাহিনী-পরিচালিত সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সমন্বিত পাঠ্যসূচি-সংক্রান্ত (সিলেবাস) কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সূত্রের ভাষ্যমতে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই এই পদক্ষেপ। খবর ডন-এর।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কর্মকর্তারা জানান, করাচি মহানগরের বিভিন্ন এলাকায় পাকিস্তানের ‘আর্মি পাবলিক স্কুলস অ্যান্ড কলেজেস সিস্টেম’-এর অধিভুক্ত যেসব শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, তার সব এই সিদ্ধান্তের আওতায় পড়বে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল বুধবার থেকে বন্ধ থাকার কথা। শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলেও সাপ্তাহিক ছুটির কারণে ১ ফেব্রুয়ারির আগে আর এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন, এই বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে, সেনাবাহিনী পরিচালিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের ‘পাঠ্যক্রম সুসংহত’ করে নেওয়া।
কিন্তু কয়েকটি সূত্র বলেছে, পাকিস্তানে সাম্প্রতিক কিছু ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তার আলোকেই বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কর্তৃপক্ষ সেখানকার সব সরকারি ও বেসরকারি স্কুল ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে। ‘প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার’ কারণ দেখিয়ে ওই বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে একটি সরকারি গোপন নথির বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়, আফগানিস্তানভিত্তিক পাকিস্তানি তালেবানের একটি অংশ পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবার হামলা চালাতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়।