এবার নওয়াজ ও পুত্রদের তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচার ও ঘুষের মামলায় আগামী শুক্রবার হাজির হওয়ার জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর দুই ছেলেকে তলব করেছে দেশটির দুর্নীতি দমন বিভাগ ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)।

এনএবির এক কর্মকর্তা বলেছেন, আল-আজিজিয়া স্টিল মিলস মামলায় নওয়াজ শরিফ ও তাঁর দুই ছেলে হোসেন ও হাসান নওয়াজকে জিজ্ঞাসাবাদের জন্য লাহোরে তদন্তকারীদের সামনে হাজির হতে বলা হয়েছে। পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায়ও এই সংস্থা তদন্ত করবে।

পানামা পেপারস কেলেঙ্কারির মামলায় গত ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে দায়িত্ব পালনে অযোগ্য বিবেচিত হন নওয়াজ শরিফ। এর পরপরই তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ওই রায়ে সর্বোচ্চ আদালত এনএবিকে ৮ সেপ্টেম্বরের মধ্যে নওয়াজ শরিফ, তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ, দুই ছেলে ও জামাতা মোহাম্মদ সফদার এবং অর্থমন্ত্রী ইশাক দারের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের নির্দেশ দেন।

সুপ্রিম কোর্টের ‘অযোগ্য’ ঘোষণা করে দেওয়া রায়টি গত মঙ্গলবার পুনর্বিবেচনার আবেদন করেছেন নওয়াজ শরিফ। এ ছাড়া রায় পুনর্বিবেচনার বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত চূড়ান্ত রায় স্থগিতের জন্য আলাদা আবেদন করেছেন তিনি।

ডন জানায়, গতকাল বৃহস্পতিবার নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজের মনোনয়ন গ্রহণ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। সর্বোচ্চ আদালত নওয়াজ শরিফকে ‘অযোগ্য’ ঘোষণা করে রায় দেওয়ায় লাহোরে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ১২০ নম্বর আসনটি শূন্য হয়েছে। এই আসনে উপনির্বাচনের জন্য পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) পক্ষ থেকে কুলসুম এই মনোনয়নপত্র জমা দেন।