এবার নওয়াজের রিভিউ আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানামা পেপারস মামলায় পাকিস্তানের সর্বোচ্চ আদালতের দেওয়া গত ২৮ জুলাইয়ের রায় চ্যালেঞ্জ করে গতকাল শনিবার আরেকটি রিভিউ আবেদন করেছেন দেশটির পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এর আগের দিন শুক্রবার নওয়াজের ছেলে, মেয়ে ও জামাতা ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন।

রিভিউতে নওয়াজ শরিফ তাঁকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করার ওই রায়কে বাতিল করে তা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, ২০১৬ সালে ফাঁস হওয়া পানামা পেপারসে নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের তথ্য প্রকাশিত হয়। ওই অভিযোগের তদন্ত প্রতিবেদনে বলা হয়, নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যরা নিজেদের বিপুল পরিমাণ সম্পদের উৎস জানাতে ব্যর্থ হয়েছেন। প্রতিবেদন আমলে নিয়ে গত ২৮ জুলাই সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে রায় দেন। সেই সঙ্গে নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুরও নির্দেশ দিয়েছেন। আদালতের রায়ের কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতি দিয়ে নওয়াজের পদত্যাগের কথা জানানো হয়।