এমকিউএমের সদরদপ্তরে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বন্দরনগর করাচিতে রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) সদর দপ্তর থেকে উদ্ধার করা অস্ত্র পরীক্ষা করে দেখছেন আধা সামরিক বাহিনীর এক সদস্য l ছবি: এএফপি
পাকিস্তানের বন্দরনগর করাচিতে রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) সদর দপ্তর থেকে উদ্ধার করা অস্ত্র পরীক্ষা করে দেখছেন আধা সামরিক বাহিনীর এক সদস্য l ছবি: এএফপি

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে প্রভাবশালী আঞ্চলিক রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) সদরদপ্তরে গতকাল বুধবার অভিযান চালিয়েছে আধা সামরিক বাহিনী। খবর ডন এর।
রেঞ্জার্স বাহিনী ওই অভিযানে দলটির কেন্দ্রীয় সমন্বয় সেল রাবিতা কমিটির সদস্য আমির খানসহ বেশ কয়েকজন কর্মীকে আটক এবং আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ করে। অভিযানে দলটির এক নেতা গুলিতে নিহত হয়েছেন।
রেঞ্জার্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কুখ্যাত অপরাধীদের এমকিউএম সদরদপ্তরে অবস্থান করার সুনির্দিষ্ট তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ কুখ্যাত অপরাধীদের আটক করা হয়েছে।
রেঞ্জার্স সদস্যরা কেন্দ্রীয় কমিটির এক নেতাকে গুলি করে হত্যা করেছে বলে এমকিউএমের পক্ষ থেকে দাবি করা হলেও ওই বাহিনী বলছে, কাউকে হত্যা করা হয়নি।
‘নাইন জিরো’ নামে পরিচিত এমকিউএম সদরদপ্তরে অভিযানের প্রতিবাদে বিরোধীদলের সদস্যরা গতকাল সিনেট থেকে ওয়াকআউট করেন। করাচিতে দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা বাসসহ দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
স্বাধীনতার সময় ভারত থেকে শরণার্থী হয়ে আসা জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী এমকিউএমের সুরক্ষিত প্রধান কার্যালয়ে আকস্মিক পুলিশি অভিযান এই প্রথম। দলটির বিরোধীদের অভিযোগ, তারা চাঁদাবাজির পাশাপাশি বিরোধী নেতা-কর্মীদের হত্যায় জড়িত।