এসব কারাশিশুর ভবিষ্যৎ কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বিভিন্ন কারাগারে বন্দী মায়ের সঙ্গে বেড়ে ওঠে শিশুরা। ছবি: নিউজলাইন
পাকিস্তানের বিভিন্ন কারাগারে বন্দী মায়ের সঙ্গে বেড়ে ওঠে শিশুরা। ছবি: নিউজলাইন

অপরাধ না করেও তারা কারাবন্দী। দণ্ড পাওয়া মায়ের কোলে জন্ম বলে ওরাও থাকছে কারাগারে। এটাই ওদের নিয়তি। করাচি কেন্দ্রীয় কারাগারসহ পাকিস্তানের বিভিন্ন কারাগারে রয়েছে এসব শিশু। বাইরে স্বাভাবিক জগৎ থেকে বিচ্ছিন্ন অবস্থায় অপরাধীদের গণ্ডিবদ্ধ জীবনে বেড়ে উঠছে তারা।

পাকিস্তানের বিভিন্ন কারাগারে বন্দী মায়েদের সঙ্গে থাকে এসব শিশু। কারাগারই ওদের পৃথিবী। এখানেই বড় হয় শিশুরা। হাঁটতে শেখে, কথা বলতে শেখে। বাইরের পৃথিবীতে কোথাও আশ্রয় না পেয়ে কারাগারই হয়ে ওঠে ওদের ঘরবাড়ি। কিন্তু কারাগারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ কতটা সম্ভব? অপরাধজগতের বাসিন্দাদের সঙ্গে কতটা সঠিকভাবে বড় হয়ে উঠতে পারে এসব শিশু?

পাকিস্তানের নিউজলাইন সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, করাচির কেন্দ্রীয় কারাগারে ৮৫ জন নারী বন্দী রয়েছেন। বন্দী মায়েদের সঙ্গে শিশুরাও নারীদের জন্য বরাদ্দ কারা কক্ষে থাকে। কারা তত্ত্বাবধায়ক সেবা শাহ ১০ বছর ধরে করাচি কেন্দ্রীয় কারাগারের দায়িত্বে রয়েছেন। তিনি মনে করেন, কারাগার শিশুদের থাকার জায়গা নয়। কিন্তু পরিস্থিতির কারণে ছোট ছোট শিশুকে মায়ের সঙ্গে কারাগারে রাখতে বাধ্য হন তাঁরা।

পাকিস্তানে ১৯৭৮ সালের কারা নিয়মবিধি অনুসারে ছয় বছরের বেশি বয়সের শিশুরা কারাবন্দী মায়ের সঙ্গে থাকতে পারে না। কিন্তু অনেক বন্দী মায়েরই শিশুদের রাখার মতো কোনো জায়গা থাকে না। নিরাশ্রয় এসব শিশুকে তাই বন্দী মায়ের সঙ্গে কারাগারেই থাকতে হয় বছরের পর বছর। সুলতানা (ছদ্মনাম) স্বামীকে হত্যার দায়ে তিন বছর ধরে করাচি কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। তাঁর সাত বছরের মেয়েও সেখানে থাকে। মা সুলতানা জানেন, কারাগারে বেড়ে ওঠা মেয়ের ভবিষ্যতের জন্য ভালো নয়। কিন্তু তাঁর এমন কোনো আত্মীয় নেই যার কাছে মেয়েকে রাখতে পারেন।

মনস্তাত্ত্বিক কারণেও কারাবন্দী মায়েরা শিশুদের নিজের কাছে রাখতে চান। পাকিস্তানের বাহরিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মনস্তত্ত্ববিদ কিরণ বশির আহমদের ভাষ্য, অপরাধী মায়েরা মনে করেন শিশুরা কাছে থাকলে তাঁদের অনুগত থাকবে। আত্মীয়স্বজনের কাছে রাখলে মায়ের থেকে সে দূরে চলে যাবে। অনেকে মনে করেন, দূরে থাকলে শিশুরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। আবার অনেক মা শিশুদের থেকে দূরে থাকায় এক ধরনের হতাশা বোধ করেন। নারীকল্যাণবিষয়ক সংস্থা ওমেন এইড ট্রাস্টের আইনজীবী আসমা মুশতাক রাওয়ালপিন্ডি কেন্দ্রীয় কারাগারের বন্দী মায়েদের ওপর জরিপ চালিয়ে বলেন, নিজেদের স্বার্থেও অনেক মা শিশুকে কারাগারে রাখতে চান। যেসব নারী বন্দীর সঙ্গে শিশু থাকে, তাঁরা অনেক সময় এক বছরের সাজা মওকুফ পান। এ কারণেই অনেক মা শিশুদের তাঁদের কাছে রাখতে চান।

বন্দী মায়েরা প্রয়োজনে বা বাধ্য হয়ে শিশুদের কারাগারে নিজের সঙ্গে রাখলেও সেখানে শিশুদের স্বাভাবিক মানসিক ও শারীরিক বিকাশ হয় না। লাহোর ও পাঞ্জাবের বিভিন্ন কারাগারে দেখা অভিজ্ঞতা থেকে মনস্তত্ত্ববিদ ফওজিয়া খালেদের ভাষ্য, কারাগারের পরিবেশে শিশুরা কখনো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। পাঁচ থেকে সাত বছর বয়স শিশুদের বিকাশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়। কারাগারে থাকা এই বয়সের শিশুদের অনেক অশ্রাব্য শব্দ ও গালাগাল শুনতে হয়। কারাগারগুলোতে সমকামিতা থাকেই। বন্দী মায়েদের সঙ্গে একই কক্ষে থাকায় শিশুরা অহরহ এসব দেখে। বন্দীরা একে অন্যের সঙ্গে কথা বলার সময় অশ্লীল শব্দ ব্যবহার করে। পুরুষ বন্দীদের সঙ্গে মুঠোফোনে অশ্লীল আলোচনা করে। এসবের মধ্যেই বেড়ে ওঠে কোমলমতি শিশুরা। ফওজিয়া বলেন, শুধু অশ্লীল কথা শোনাই নয়, শিশুরা বন্দীদের বিভিন্ন যৌন আচরণও দেখে থাকে। এটি তাদের ওপর প্রভাব ফেলে। কারা কক্ষের পাহারাদারদের বন্দীরা গালিগালাজ করে। একে অন্যের সঙ্গে ঝগড়া করে। এগুলো সবই শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

কিরণ বশির আহমদ বলেন, কারাগারে এভাবে থাকার কারণে শিশুরা অপরাধ করতে ভয় পায় না। কারণ অপরাধের শাস্তি হিসেবে যে কারাজীবন তাদের ভোগ করতে হতো, তাতে তারা অভ্যস্ত হয়ে পড়ে। এক জরিপ চালিয়ে তিনি বলেন, কারাবন্দী অনেক পুরুষই আসলে কারাবন্দী মায়েদের সন্তান। বড় হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে তারা অবধারিতভাবে জড়িয়ে পড়ে।

নারীকল্যাণবিষয়ক সংস্থা ওম্যান এইড ট্রাস্টের আইনজীবী আসমা মুশতাক মনে করেন, কেবলমাত্র দুই বছর বয়স পর্যন্ত শিশুদের কারাগারে বন্দী মায়েদের সঙ্গে রাখা উচিত। কারণ এ সময় পর্যন্ত তারা মায়ের দুধ পান করে। যুক্তরাজ্যেও এই আইন প্রযোজ্য। তিনি মনে করেন, বিকল্প উপায় হিসেবে সন্তানসহ নারী বন্দীদের কারাগার থেকে দূরে আলাদা একটি বাসভবনে রাখা যেতে পারে। পাকিস্তানের কারাগারগুলোর ধারণক্ষমতা অনুসারে নারী বন্দীদের সংখ্যা অনেক কম। তাই এটি সহজেই করা সম্ভব বলে তিনি মনে করেন। তবে করাচি কেন্দ্রীয় কারাগারের কারা তত্ত্বাবধায়ক সেবা শাহ মনে করেন, আলাদা বাসভবন সমস্যার সমাধান নয়। কারণ অপরাধী কারাবন্দী মায়েরা কারাগারের অন্য বন্দীদের চেয়ে আলাদা স্বভাবের নন। সেখানেও শিশুদের স্বাভাবিক বিকাশ সম্ভব নয়। ফওজিয়া খালেদ ও কিরণ বশির আহমদ কারাবন্দী মায়েদের শিশুদের একটি বোর্ডিংয়ে রাখার প্রস্তাব দিয়েছেন।

তবে করাচি কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী মায়েদের শিশুদের বিকাশের জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে কারাবন্দী মায়ের শিশুদের জন্য একটি স্কুল ও খেলার জায়গা আছে। একজন নারী চিকিৎসক প্রতিদিন কারাগারে যান। স্ত্রীরোগ বিশেষজ্ঞও রয়েছেন। পাঞ্জাব, সিন্ধু, লাহোর ও পাঞ্জাবের অনেক কারাগারেই মনস্তাত্ত্বিক নিয়োগ করা হয়েছে। কিন্তু জেলা পর্যায়ের কারাগারের বন্দীদের জন্য এরকম কোনো ব্যবস্থা নেই।