
বিতর্কিত মন্তব্য করায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের প্রভাবশালী দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) প্রধান আলতাফ হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদ উসকে দেওয়ার অভিযোগ এনে মামলা করেছে দেশটির পুলিশ। গতকাল মঙ্গলবার এ মামলা করা হয়।
লন্ডনে স্বেচ্ছানির্বাসনে থাকা আলতাফ গত সোমবার করাচিতে দলের এক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া ভাষণে পাকিস্তানকে ‘বিশ্বের মাঝে ক্যানসার’ আখ্যা দেন। তিনি বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু। পাকিস্তান জিন্দাবাদ নয়, বরং বলুন, পাকিস্তান নিপাত যাক।’
আলতাফের এ বক্তব্যের পর ওই দিনই এমকিউএম নেতা-কর্মীরা টিভি চ্যানেলসহ কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা চালান। করাচিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। সহিংসতার পর এমকিউএম সদর দপ্তরে তল্লাশি চালিয়ে নয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করে আধা সামরিক বাহিনী। পরে দপ্তরটি সিলগালা করে দেয় রেঞ্জার্স বাহিনী।
এদিকে আলতাফ হোসেন তাঁর বক্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। এমকিউএমপ্রধানের দাবি, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং দলের নেতাদের ওপর নিপীড়নের কারণে প্রচণ্ড মানসিক চাপ থেকে তিনি ওই মন্তব্য করেছিলেন। টুইটারে এক বার্তায় তিনি সেনাপ্রধান রাহিল শরিফ ও রেঞ্জার্সের মহাপরিচালকের কাছে দুঃখ প্রকাশ করেন।
এমকিউএমের জ্যেষ্ঠ নেতা ফারুক সাত্তারকে সোমবার আটক করে নিয়ে গিয়েছিল রেঞ্জার্স বাহিনী। রাতে আটক রাখার পর গতকাল তাঁকে ছেড়ে দেওয়া হয়।