করাচিতে সাংবাদিককে গুলি করে হত্যা
পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক ও মানবাধিকারকর্মী খুররম জকিকে গতকাল শনিবার রাতে করাচিতে গুলি করে হত্যা করা হয়েছে। করাচি শহরের একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীরা মোটরসাইকেলে চড়ে সেখানে গিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে তাঁকে হত্যা করে।
লেট আস বিল্ড পাকিস্তান নামের একটি ওয়েবসাইটের সম্পাদকের দায়িত্বে ছিলেন খুররম জকি। তিনি পাকিস্তানের সাম্প্রদায়িক গোষ্ঠীর কঠোর সমালোচক এবং গণতন্ত্র ও প্রগতিশীল মূল্যবোধ এগিয়ে নিতে সক্রিয় ছিলেন।
খুররম জকিকে হত্যার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের একটি অংশ। সংগঠনটির একজন মুখপাত্র বলেন, লাল মসজিদের একজন আধ্যাত্মিক নেতার বিরুদ্ধে সাম্প্রতিক প্রচারাভিযানের জন্য তাঁকে হত্যা করা হয়েছে।
খুররম জকির সঙ্গে থাকা তাঁর এক বন্ধু জানান, জকিকে গুলি করে হত্যা করার সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
লেট আস বিল্ড পাকিস্তান ওয়েবসাইটের কর্মীরা তাঁদের সম্পাদক হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।