করাচির হোটেলে আগুন, নিহত ১১
পাকিস্তানের করাচিতে গতকাল সোমবার একটি চার তারকা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৫ জন। ধারণা করা হচ্ছে, হতাহত ব্যক্তিদের মধ্যে বিদেশি নাগরিকেরাও রয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, গতকাল ভোরে করাচির শাহরাহ-ই-ফয়সাল এলাকায় অবস্থিত রিজেন্ট প্লাজা হোটেলের একতলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুতই তা হোটেল ভবনে ছড়িয়ে পড়ে। ফলে হোটেলে আগত অতিথিরা কক্ষগুলোতে আটকা পড়েন। পুলিশের জারি করা এক বিবৃতিতে বলা হয়, অগ্নিনির্বাপণকর্মীরা তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে ১১ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে ৬ জন পুরুষ ও ৫ জন নারী।
জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারের জরুরি বিভাগের প্রধান ডা. সিমিন জামালি বলেন, ‘আমরা ১১টি লাশ ও অসুস্থ ৭৫ জনকে পেয়েছি। আগুনে আক্রান্ত ৩ বিদেশির অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।’
চিফ ফায়ার অফিসার তেহসিন সিদ্দিকী বলেন, আগুনের তীব্রতা বেশি ছিল না। কিন্তু হোটেলের ভেতর এয়ার কন্ডিশনিং চালু থাকার কারণে ধোঁয়ায় দম বন্ধ হয়েই বেশির ভাগ লোকের প্রাণহানি ঘটে। হোটেলটির বাইরে করাচির মেয়র ওয়াসিম আখতার সাংবাদিকের বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।