কান্দিল বেলুচকে হত্যা, যাবজ্জীবন দণ্ড পাওয়া ভাইয়ের সাজা মওকুফ
পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা ও মডেল কান্দিল বেলুচকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তাঁর ভাই মুহাম্মদ ওয়াসিমকে খালাস দিয়েছেন আদালত। ২০১৬ সালের জুলাইয়ে ‘অনার কিলিং’-এর শিকার হন ২৬ বছর বয়সী ওই তারকা। হত্যার তিন বছর পর আদালত তাঁর ভাইকে দণ্ড দেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন অনুযায়ী, আইনজীবীরা বলেছেন, গতকাল সোমবার পাকিস্তানের এক আদালত কান্দিল বেলুচের ভাই মুহাম্মদ ওয়াসিমের দণ্ড মওকুফ করেন। এর আগে ২০১৯ সালে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত হওয়ার পর প্রায় তিন বছর কারাভোগ করেন মুহাম্মদ ওয়াসিম।
ওয়াসিমের আইনজীবী সরদার মেহবুব এএফপিকে বলেছেন, গতকাল আদালত তাঁর মক্কেলের দণ্ড মওকুফ করে দিয়েছেন। তিনি বলেন, ‘লাহোর হাইকোর্টের মুলতান বেঞ্চ তাঁকে বেকসুর খালাস দিয়েছেন।’ তবে এ নিয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। এ ছাড়া আদালতের ওই আদেশ এখনো প্রকাশ করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা ছবি ও কথাবার্তার জন্য দেশে একই সঙ্গে জনপ্রিয় ও নিন্দিত কান্দিল বেলুচকে মুলতানের এক ভাড়া বাড়িতে ২০১৬ সালের ১৬ জুলাই মৃত অবস্থায় পাওয়া যায়। মেয়ের মৃত্যু নিয়ে কান্দিলের বাবা তখন বলেছিলেন, পারিবারিক সম্মান রক্ষার যুক্তিতে কান্দিলকে হত্যা করেছেন ওয়াসিম।
বেলুচের হত্যার পর তাঁর মা–বাবা প্রাথমিকভাবে জোর দিয়ে বলেছিলেন, মেয়ের হত্যাকারী তাঁদের ছেলেকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। পরে অবশ্য তাঁরা তাঁদের মন পরিবর্তন করে বলেন, তাঁরা ছেলে ওয়াসিমকে ক্ষমা করতে চান। চলতি সপ্তাহের শেষের দিকে ওয়াসিমকে মুক্তি দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
হত্যার ঘটনা নিয়ে পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে বোন কান্দিলকে হত্যার অভিযোগ স্বীকার করেন মুহাম্মদ ওয়াসিম। হত্যার কারণ হিসেবে তখন তিনি বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বোনের উপস্থিতি পরিবারে অসম্মান এনেছিল। তাঁর আচরণ ছিল অসম্মানজনক। পরিবারের সম্মান রক্ষায় কান্দিলকে শ্বাসরোধে হত্যা করেন তিনি।
পরিবারের সম্মান রক্ষার নামে পাকিস্তানে যেসব হত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে বেলুচের হত্যাকাণ্ড সবচেয়ে বেশি আলোচিত। তাঁর মৃত্যুতে সে সময় পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ার ঝড় ওঠে। উদারপন্থীরা এ হত্যার বিচার দাবি করেন। তবে কিছু রক্ষণশীল নারী-পুরুষ বেলুচের সমালোচনাও করেন।
২০১৪ সালে একটি ভিডিও পোস্ট করে রাতারাতি পাকিস্তানে পরিচিতি পান বেলুচ কান্দিল। ভিডিওতে তিনি ঠোঁট ফুলিয়ে বলছেন, ‘আমাকে কেমন দেখাচ্ছে?’ ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। প্রথাবিরোধী ও উদার দৃষ্টিভঙ্গির কারণে তিনি তখন অনেকের প্রশংসা কুড়ান। জনপ্রিয় হয়ে ওঠেন পাকিস্তানের তরুণ সমাজের কাছে।