কান্দিলকে হত্যার কথা ভাইসহ তিন আসামিরই অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা কান্দিল বালুচ হত্যা মামলায় তাঁর ভাইসহ অভিযুক্ত তিন আসামি হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। মুলতানের একটি আদালতে গতকাল সোমবার তাঁদের অভিযুক্ত করা হয়। কান্দিলের ভাই এর আগে সাংবাদিকদের সামনে বোনকে হত্যার অভিযোগ স্বীকার করেছিলেন।
আদালতে অভিযুক্ত ব্যক্তিরা হলেন কান্দিলের ভাই ওয়াসিম, চাচাতো ভাই হক নওয়াজ এবং ট্যাক্সি ড্রাইভার আবদুল বাসিত। তাঁদের তিনজনকেই গতকাল আদালতে হাজির করা হয়। আসামির তালিকাভুক্ত চতুর্থ ব্যক্তি জাফর হোসেন খোসাকে পলাতক দেখানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা ছবি ও কথাবার্তার জন্য একই সঙ্গে জনপ্রিয় ও নিন্দিত কান্দিল বালুচকে মুলতানের ভাড়া বাড়িতে গত ১৬ জুলাই মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর বাবার অভিযোগ, পারিবারিক সম্মান রক্ষার যুক্তি দিয়ে ছোট ভাই ওয়াসিমই কান্দিলকে হত্যা করেছেন।