কারগিলের মতো অভিযানের বিরোধিতা করেছিলেন বেনজির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনজির ভুট্টো
বেনজির ভুট্টো

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের কারগিলে ১৯৯৯ সালের সামরিক অভিযানের আগেই পাকিস্তান সেনাবাহিনী দেশটির বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু তখনকার পাকিস্তানি প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টো ওই প্রস্তাবে আপত্তি জানিয়েছিলেন। সাবেক ভারতীয় কূটনীতিক রাজীব ডোগরার লেখা নতুন বইয়ে এসব তথ্য রয়েছে। খবর পিটিআইয়ের।
হোয়্যার বর্ডারর্স ব্লিড: অ্যান ইনসাইডারস অ্যাকাউন্ট অব ইন্দো-পাক রিলেশনস বইয়ের লেখক রাজীব ডোগরা ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পাকিস্তানের করাচিতে ভারতের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন।
ডোগরা বেনজির ভুট্টোকে একজন ‘উদার মানসিকতার’ মানুষ হিসেবে বর্ণনা করেন, যিনি পশ্চিমা শিক্ষা অর্জনের কারণে ‘বহির্বিশ্বের কাছে তুলনামূলক বেশি গ্রহণযোগ্য’ হতে পেরেছিলেন।
বইটিতে ডোগরা আরও লিখেছেন, ‘এ কথা সত্যি যে নিম্নমানের গোয়েন্দা তথ্যের মাধ্যমে তিনি চালিত হতেন...কিন্তু কখনো কখনো তিনি সেনাবাহিনীর বিরুদ্ধেও নিজ যুক্তিতে অটল ছিলেন। আর সে কারণেই তাঁর শাসনামলে অন্তত একবার কারগিল অভিযানের মতো ঘটনা বন্ধ হয়েছিল।’
বেনজিরের একটি সাক্ষাৎকার উদ্ধৃত করে ডোগরা লিখেছেন, কারগিল অভিযানের মতো পদক্ষেপের প্রস্তাব বাতিল করে দিয়েছিলেন প্রয়াত পাকিস্তানি প্রধানমন্ত্রী।