কারাবন্দী নওয়াজ গুরুতর অসুস্থ, হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজ শরিফ
নওয়াজ শরিফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গুরুতর অসুস্থ। রোববার তাঁকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পাকিস্তানের ডন নিউজের খবরে বলা হয়, হৃদযন্ত্রের জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে নওয়াজকে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে নেওয়া হয়।

পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী শওকত জাবেদ বলেন, চিকিৎসকদের পরামর্শে নওয়াজকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে তিনি কত দিন থাকবেন, চিকিৎসকদের পরামর্শেই সেটা চূড়ান্ত হবে।

এর আগে নওয়াজকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন পিমসের হৃদরোগ বিভাগের প্রধান নাইম মালিক। তিনি সাবেক এই প্রধানমন্ত্রী চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করেন। হৃদযন্ত্রের জটিলতা ছাড়াও নওয়াজ ডায়াবেটিসে আক্রান্ত এবং এর আগে তাঁর বাইপাস সার্জারিও হয়েছে।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ১০ বছরের সাজা হয়েছে নওয়াজের। আদালতের রায় ঘোষণার পর তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। বিমানবন্দরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এই সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তিনি।

পাকিস্তানে গত বুধবার অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে নওয়াজের প্রতিষ্ঠিত দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ৬৪ আসন পেয়েছে। ইমরান খানের দল পিটিআই ১১৭ আসন পেয়ে সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।