কাশ্মীর হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের সেনাছাউনিতে হামলার পেছনে কারা জড়িত তা বের করতে আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার। এই তদন্ত সম্পন্ন করার জন্য একটি স্বাধীন আন্তর্জাতিক কমিশন গঠন করতে হবে।
ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে সারতাজ আজিজ এই দাবি করেন।
আজিজ বলেন, ভারতে কোনো হামলা হলে কোনো তদন্ত ছাড়াই ভারত সঙ্গে সঙ্গে পাকিস্তানকে দোষারোপ করে থাকে। তিনি বলেন, এ ধরনের ঘটনা পাকিস্তান বা ভারত কাউকেই লাভবান করবে না। পাকিস্তানের এই কূটনীতিক বলেন, কাশ্মীরে প্রতিদিন যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, উরি হামলার কারণে সেই দিক থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি অন্য দিকে চলে গেছে।
এদিকে ভারতে পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল বাসিত বলেন, পাকিস্তান ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায়। সম্প্রতি যে সংকট দেখা দিয়েছে, দুদেশ সেখান থেকে উত্তরণে মিলিতভাবে চেষ্টা করবে। ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফকে রোববার দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।