কাশ্মীরিদের সঙ্গে আলোচনা পাকিস্তানের অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে আলোচনা করে ইসলামাবাদ ‘বোকামি’ করেছে বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য নাকচ করে দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার বলেছে, কাশ্মীরি নেতাদের সঙ্গে আলোচনায় বসার অধিকার তাদের আছে। খবর এনডিটিভির।
এনডিটিভির সঙ্গে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম বলেন, তাঁর দেশের নেতারা অতীতেও বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, ‘এটাই প্রথম নয়। আমরা আমাদের অধিকারের মধ্যে থেকেই কাশ্মীরিদের সঙ্গে আলোচনা করেছি।’
তাসনিম আসলাম দাবি করেন, কাশ্মীরিদের সঙ্গে আলোচনা বন্ধে ভারতের সিদ্ধান্তকে ‘কেউই সমর্থন’ করেনি। তিনি বলেন, ‘শেষ মুহূর্তের সিদ্ধান্ত আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’
গত সপ্তাহে পাকিস্তানের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠক স্থগিত করে ভারত সরকার। নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার কাশ্মীরের ‘বিচ্ছিন্নতাবাদী’ হুরিয়াত নেতাদের সঙ্গে বৈঠক করলে এ সিদ্ধান্ত নেয় ভারত। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শুক্রবার বলেন, ভারত খুবই হতাশ যে পাকিস্তান বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনা করেছে। তিনি এও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করতে প্রচেষ্টা অব্যাহত রাখব আমরা।’
পাকিস্তানের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার একটা মৌলিক নীতি সম্পর্কে মোদি দৃঢ়ভাবে ঘোষণা দেন, অর্থপূর্ণ যেকোনো দ্বিপক্ষীয় সংলাপের জন্য এমন একটি পরিবেশ দরকার, যেখানে সন্ত্রাসবাদ ও সংঘাত বলে কিছু থাকবে না। তিনি উল্লেখ করেন, গত মে মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তাঁর খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। মোদি বলেন, ‘আমরা একত্রে সিদ্ধান্ত নিই যে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হওয়া এবং সম্পর্কোন্নয়নের উপায় বের করা উচিত।’