কাশ্মীরে আস্থা ফেরাতে লোকসভায় প্রস্তাব
কাশ্মীরের মানুষের, বিশেষ করে যুবকদের আস্থা ফেরাতে সরকারকে সচেষ্ট হতে হবে বলে লোকসভায় প্রস্তাব করা হয়েছে। গতকাল শুক্রবার সর্বসম্মতভাবে এই প্রস্তাব গৃহীত হয়।
গতকাল কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, কাশ্মীরের সব অংশের প্রতিনিধিদের সঙ্গে সরকার কথা বলবে। তবে এখনই কোনো সর্বদলীয় প্রতিনিধিদলকে কাশ্মীরে পাঠানো হচ্ছে না। কারণ এখনো পরিস্থিতি স্বাভাবিক নয়।
কাশ্মীরের পরিস্থিতি এক মাসেরও বেশি সময় ধরে অশান্ত। হিংসা-হানাহানিতে ইতিমধ্যে ৫০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে, আহত ব্যক্তির সংখ্যা কয়েক শ। নিরাপত্তারক্ষীদের ছোড়া বন্দুকের পেলেটে দৃষ্টি হারিয়েছেন শতাধিক ব্যক্তি। উপত্যকার অধিকাংশ এলাকাতেই এখনো কারফিউ জারি রয়েছে। স্কুল-কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের সব বন্ধ রয়েছে।
গত বৃহস্পতিবার রাজ্যসভায় কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গতকাল আলোচনা হয় লোকসভায়। এই আলোচনার পর সর্বসম্মতভাবে গৃহীত এক প্রস্তাবে ঠিক হয়—উপত্যকার যুবকদের আস্থা ফেরাতে সরকারকে সচেষ্ট হতে হবে।
কিন্তু সে জন্য কী কী করতে হবে, তার কোনো স্পষ্ট রূপরেখা অবশ্য সরকারের পক্ষে দেওয়া হয়নি। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে আলোচনা করতে সর্বদলীয় এক বৈঠক ডাকেন। এতে প্রস্তাব দেওয়া হয় যে আস্থা অর্জনে সর্বদলীয় একটি প্রতিনিধিদলকে উপত্যকায় পাঠানো হোক। কিন্তু ঠিক হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এখনই সর্বদলীয় প্রতিনিধিদল পাঠিয়ে কোনো লাভ হবে না। কারণ, প্রতিনিধিরা কাদের সঙ্গে কথা বলবেন, তা নিশ্চিত নয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কিছু সরকার করবে না। তবে অবস্থার হাল ফেরাতে সরকার কাশ্মীরের সব পক্ষের সঙ্গেই আলোচনা করবে। তিনি বলেন, কাশ্মীরের মোট চারটি অংশ। জম্মু, কাশ্মীর উপত্যকা, লাদাখ এবং পাকিস্তান যে অংশ কবজায় রেখেছে। হুরিয়ত, বিচ্ছিন্নতাবাদী ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নেতাদের সঙ্গেও সরকার কথা বলবে কি না সে বিষয়েও কিছু জানানো হয়নি। বৈঠকে উপস্থিত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, সরকারের উচিত আগে সব স্তরের মানুষের আস্থা অর্জন করাা।