কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই সৈন্য ও পাঁচ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-শাসিত কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় গতকাল শনিবার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে। এতে দুই ভারতীয় সৈন্য ও পাঁচ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। কাশ্মীরের প্রধান নগরী শ্রীনগর থেকে ৮০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত সীমান্ত গ্রাম মারসারিতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর এএফপির।
শ্রীনগরের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র এন এন জোশী বলেন, পরিত্যক্ত একটি বাড়িতে বিদ্রোহীরা আশ্রয় নিয়েছেন বলে সরকারি বাহিনী খবর পায়। এর ভিত্তিতে গত শুক্রবার অভিযান শুরু করে সরকারি বাহিনী। এরপর জঙ্গিদের সঙ্গে সেনাসদস্যদের প্রায় ১৬ ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে। এতে পাঁচ জঙ্গি নিহত হন।
প্রতিরক্ষা বিভাগের আরেক মুখপাত্র এস ডি গোস্বামী বলেন, এই অভিযানে দুই সৈন্য শহীদ হয়েছেন। এ ছাড়া পুলিশ সূত্র জানায়, অভিযানে এক কর্মকর্তাসহ দুই জওয়ান আহত হয়েছেন। তাঁদের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। কাশ্মীরে গত সপ্তাহেই সরকারি বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে অন্তত আট বিদ্রোহী নিহত হন।
কাশ্মীরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ ভারত-পাকিস্তান একাধিক যুদ্ধে জড়িয়েছে। ভারতের অভিযোগ, কাশ্মীরের বিদ্রোহীদের মদদ দিচ্ছে পাকিস্তান। যদিও পাকিস্তান সব সময় এ অভিযোগ অস্বীকার করে আসছে। সম্প্রতি ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোটের বিমানঘাঁটিতে জঙ্গি হামলায় বেশ কয়েকজন ভারতীয় সৈন্য নিহত হয়।