ভারতশাসিত কাশ্মীরে চলমান অস্থিরতার প্রতিক্রিয়া হিসেবেই উরির সেনাছাউনিতে হামলা হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে ফেরার পথে লন্ডনে ওই কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের মুখে নওয়াজ বলেন, উরি হামলা কাশ্মীরে নির্যাতনের প্রতিক্রিয়া হতে পারে। গত দুই মাসে কাশ্মীরে যারা নিহত হয়েছে, অন্ধ হয়ে গেছে, আহত ও নির্যাতিত হয়েছে, তাদের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনেরা ব্যথিত ও ক্ষুব্ধ। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, উরিতে হামলার পর কোনো তদন্ত ও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করছে ভারত।
পাকিস্তানকে চীনের ‘আশ্বাস’: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় বলেছে, লাহোরে নিযুক্ত চীনের কনসাল জেনারেল বলেছেন, কোনো বিদেশি আগ্রাসন হলে পাকিস্তানের পক্ষে থাকবে চীন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে গত শুক্রবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, চীনের কনসাল জেনারেল ইউ বুরেন বলেছেন, ‘কোনো (বিদেশি) আক্রমণের সময় আমাদের দেশ পাকিস্তানের প্রতি পূর্ণ সমর্থন দেবে।’ বিবৃতিতে বলা হয়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক বৈঠকের সময় চীনের কূটনীতিক বেইজিংয়ের এ বার্তা পৌঁছে দিয়েছেন।