কী যাতনা বিষে এত রেষারেষি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াগা সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনারা। ছবি: সংগৃহীত
ওয়াগা সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনারা। ছবি: সংগৃহীত

১৯৪৭ সালের আগস্টে বিশ্বের মানচিত্রে ভারত ও পাকিস্তান নামের নতুন দুটি দেশের নাম উঠে যায়। এক দিন আগে-পরে জন্ম নেওয়া এ দুটি দেশের মধ্যে নানা বিষয়ে দ্বিমত, সম্পর্কের টানাপোড়েন আছে। সীমান্ত নিয়ে পারমাণবিক শক্তিধর দুটো দেশের মধ্য যুদ্ধও বেধেছে। জন্মের ৭০ বছর পরও ভারত ও পাকিস্তান একে অপরকে ঘৃণা করে। এই ঘৃণার কারণ খোঁজার চেষ্টা করা হয়েছে ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম ইকোনমিস্টের এক নিবন্ধে। এখানে তা তুলে ধরা হলো:

নিবন্ধে দুই দেশের সীমান্তের একটি নিয়মিত ঘটনা দিয়ে শুরু হয়েছে। অমৃতসর থেকে লাহোর পর্যন্ত সড়কের মাঝামাঝি স্থানের একটি দৃশ্যে। জমকালো পোশাক পরা দুই দেশের সেনা স্কোয়াড একে অপরের দিকে দ্রুত বেগে হনহনিয়ে হেঁটে গিয়ে ঠকাস করে বুট ফেলেন মাটিতে। আসলে এটি বিটিং রিট্রিট নামের সপ্তদশ শতাব্দীতে ব্রিটিশ সামরিক কায়দা। জোরালো কণ্ঠে গর্জনের সুরে কমান্ড, ক্রুদ্ধ দৃষ্টি আর হাস্যকরভাবে পা উঁচু করা এই কসরতে একধরনের সহিংস আকাঙ্ক্ষার ছাপ থাকে। কিন্তু এরপরই ভালোবাসাসহ এক ঐকতানে দুই পক্ষ নিজ নিজ জাতীয় পতাকা অবনমিত করে। হাত মেলায়। রাতের জন্য বন্ধ হয়ে যায় সীমান্তের প্রবেশদ্বার।

এই আগস্টে পাকিস্তান ও ভারত ৭০তম জন্মদিন উদ্‌যাপন করে ফেলেছে। কিন্তু ওয়াগার সীমান্তচৌকিটি দেশ দুটির অকার্যকারিতার একটি প্রতিফলন। এ শো দেখতে আসা দর্শনার্থীদের জন্য একটি অ্যাম্ফিথিয়েটার বানিয়েছে পাকিস্তান। কম যায় না ভারতীয়রাও। তারা এক ধাপ এগিয়ে প্রায় ১৫ হাজার দর্শনার্থীর উপযোগী করে আধা স্টেডিয়ামই তৈরি করেছে। অথচ এই শো দেখতে সপ্তাহে যত মানুষ আসে, তাদের সংখ্যা কয়েক শ হয় না।

ওয়াগায় সৈন্যদের এই হাস্যকর টুপি পরিধান, হনহন করে হেঁটে চলার মধ্যে গুরুতর একটা ব্যাপার কিন্তু আছে। নিখুঁত ধারাবাহিকতা ছাড়া দুই পক্ষেরই প্রথা অনুসরণ করা, সীমান্তরেখার দুই পাশে সেনা ও উপস্থিত জনতার হুবহু একই ধাঁচে কথা বলা ও আচরণ দেখে মনে হতে পারে দুই দলের মধ্যে খেলোয়াড়সুলভ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এ চর্চার ব্যাপারটি উচ্চ কণ্ঠে বলতে চাইছে, আমাদের মধ্যকার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমরা জানি এটা শুধুই খেলা। কিন্তু দুঃখের বিষয় হলো, ভারত ও পাকিস্তানের খেলা মাঝেমধ্যে ভয়ানক হয়ে ওঠে।

ফাইল ছবি
ফাইল ছবি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মহাত্মা গান্ধীর কংগ্রেস পার্টি ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্রীয় (ফেডারেল) সরকার চেয়েছিল। অন্যদিকে, মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্নাহ যুক্তি দেখিয়ে বলেন, উপমহাদেশের ৩০ শতাংশ মুসলিম সংখ্যালঘুর প্রয়োজন আলাদা একটি রাষ্ট্র। কারণ, মুসলিমরা সংখ্যাগুরু হিন্দুদের হাতে নির্যাতিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ওই সময় সাম্প্রদায়িক দাঙ্গা ব্রিটিশ শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটনকে বাধ্য করেছিল ত্বরিত সিদ্ধান্ত নিতে। তিনি দেশকে দুই কিংবা তিন অংশে ভাগ করেন (নতুন রাষ্ট্র পাকিস্তানের ছিল দুটি অংশ)।

১৯৪৭ সালের আগস্টে দুটি নতুন দেশের স্বাধীনতা ঘোষণা হলো। আশা করা হয়েছিল, এ বিভাজন হবে সুশৃঙ্খল। কলমের খোঁচায় মানচিত্র দ্বিখণ্ডিত হলো বিভক্তিরেখায়। লাইব্রেরির বই, সেনা ব্যান্ডের সরঞ্জাম থেকে শুরু করে সেনাসদস্য ও সম্পদ—ভাগ হলো সবই। কিন্তু জনসংখ্যা লেনদেনের বিশাল, বিশৃঙ্খল ও সহিংস প্রক্রিয়া সমস্ত পরিকল্পনাকে প্রায় তাৎক্ষণিকভাবে ভেস্তে দিল। মারা গেল কমপক্ষে ১০ লাখ মানুষ। ঘরছাড়া হলো দেড় কোটি মানুষ।

কয়েক মাসেই বিরোধ আনুষ্ঠানিক যুদ্ধে রূপ নিল। এই যুদ্ধ শেষ হলো সাবেক রাজ্য কাশ্মীর দুই ভাগে বিভাজিত হওয়ার মধ্য দিয়ে। সেখানকার ৭৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত হয়ে গেল স্থায়ী বৈরিতা। এরপর আরও দুবার ১৯৬৫ ও ১৯৭১ সালে (বাংলাদেশের মুক্তিযুদ্ধ) ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়ায়। ১৯৭১-এ পূর্ব পাকিস্তানের স্বাধীনতাযুদ্ধে সহযোগিতা করে ভারত। জন্ম হয় আরেকটি নতুন গর্বিত দেশ—বাংলাদেশ। ওই সময় পশ্চিম পাকিস্তানিদের নিষ্ঠুরতায় ৩০ লাখ মানুষের মৃত্যু হয়।

এরপরও তুলনামূলকভাবে শান্ত সময়ও স্বাভাবিক ছিল না এ অঞ্চল। নব্বইয়ের দশকে ভারতের কাশ্মীরিদের বিদ্রোহে সমর্থন দেয় পাকিস্তান। এতে কমপক্ষে ৪০ হাজার মানুষ প্রাণ হারায়। ১৯৯৯ সালে পাকিস্তানি সেনা সদস্যরা কারগিল অঞ্চলের কিছু পর্বতচূড়া দখলে নেয়। পরে ভারত এসব অঞ্চল আবার নিজেদের দখলে নেয়। ২০০৩ সাল থেকে কাশ্মীরে বিরাজমান অস্ত্রবিরতি সত্ত্বেও পাকিস্তান-সমর্থিত গোষ্ঠীগুলোর বারবার ভারতে অনুপ্রবেশ থামেনি।

ফাইল ছবি
ফাইল ছবি

তবে পারস্পরিক অবিশ্বাস ও হেনস্তার মধ্যেও বিশ্লেষকেরা একটি সমাধানের সূত্র খোঁজেন। দুই দেশের রাজনীতিকেরা শান্তির পথে দুকদম অগ্রসর হলেই, কেন জানি নোংরা একটা কিছু ঘটে যায়। কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের হামলার মাধ্যমে চিরায়ত আবর্তনের শুরু। পাল্টা আক্রমণ চালায় ভারত। আর ওই হামলার ফলে পাকিস্তানও যেন জবাব দেওয়ার বাধ্যবাধকতায় চলে আসে। কয়েক সপ্তাহ পর শান্ত হয় পরিস্থিতি।

তবে একটি ঘটনা অনেক মোড় ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দেয়, তা হলো ২০১৫ সালের শেষের দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়িতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক আকর্ষিক সফরের মধ্য দিয়ে। আচমকা এ সফরের মাধ্যমে যতটুকু আশা প্রজ্বলিত হয়েছিল, তা কয়েক দিন বাদেই নিভু নিভু হয়ে যায়। কারণ, সন্ত্রাসীরা ভারতীয় একটি বিমানঘাঁটিতে হামলা চালায়। ভারতীয় সেনাবাহিনীর সীমান্ত লাগোয়া শিবিরে আরেক দলে আত্মঘাতী হামলায় নিহত হয় ১৯ সেনা। ভারতে অসন্তোষ চরমে ওঠে। এরই প্রেক্ষাপটে মোদি গতানুগতিক প্রতিক্রিয়ার চেয়েও অনেক কঠোর জবাবের নির্দেশ দেন। পাকিস্তানে পাঠান কমান্ডোদের একটি দল। অতীতে পাল্টা হামলা চললেও চুপ থাকত ভারত। পিছু হটার সুযোগ থাকত পাকিস্তানের। কিন্তু এবার মোদি সরকার পাকিস্তানকে কূটনৈতিকভাবে একঘরে করার চেষ্টা চালায়। পর্দার অন্তরালে উত্তেজনা নিরসনের প্রচেষ্টা প্রত্যাখ্যান করে ভারত।

পাকিস্তানের চেয়ে ছয় গুণ বড় জনসংখ্যা আর আট গুণ বড় অর্থনীতির দেশ ভারত। এরপরও ভারত দেখছে, যত উসকানি তারা দেয়, এর চেয়ে বেশি শিকার হয়। ২০১৪ সালে মোদির বিজেপি ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি দেয় ভারতের গতানুগতিক বিদেশ নীতি জোরদার করার। সামরিক ইতিহাসবিদ ও সাংবাদিক সুশান্ত শিং বলেন, ‘প্রথমবারের মতো ভারত এবার শুধু পাল্টা জবাবই দিচ্ছে না বরং সক্রিয় হয়ে উঠছে। এটি বেশ বড় ধরনের একটি পরিবর্তন।’

কিন্তু মোদির এই যুদ্ধংদেহী মনোভাব বিপজ্জনক সংঘাত সৃষ্টির ঝুঁকি বাড়িয়ে তুলেছে। ভারতের অন্যতম খ্যাতিমান চিন্তাবিদ ও বুদ্ধিজীবী প্রতাপ ভানু মেহতা বলছেন, ‘একটি নিয়মিত অভিযানের পর, বৈরিতা বাড়তেও পারে আবার না-ও পারে। কিন্তু প্রচার চালিয়ে অভিযান চালানোর পর, মোদির সামনে কেবল একটি বিকল্পই থাকে। সেটি হলো, বৈরিতা বাড়ানো।’

নওয়াজ শরিফ ও নরেন্দ্র মোদির এই মোলাকাতের পরও সম্পর্কে খুব একটা পরিবর্তন হয়নি। ফাইল ছবি
নওয়াজ শরিফ ও নরেন্দ্র মোদির এই মোলাকাতের পরও সম্পর্কে খুব একটা পরিবর্তন হয়নি। ফাইল ছবি

ভারত ও পাকিস্তান প্রচলিত সামরিক শক্তির দেশ হলে খুব একটা সমস্যা হতো না। কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় বিপদ। আছে ক্ষেপণাস্ত্রও। নব্বইয়ের দশকে উভয় দেশ নিজেদের পারমাণবিক শক্তির প্রমাণ দেয়। এরপর অনেকে আশাবাদী ছিলেন, এই ভারসাম্য উভয় দেশকেই মধ্যপন্থায় উৎসাহিত করবে। কিন্তু আশায় গুড়ে বালি। ভারতীয়দের অভিযোগ, তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। পাকিস্তান জানে, পারমাণবিক সংঘাতের ঝুঁকি আছে জেনেই প্রতিবেশী রাষ্ট্রটি তাদের উসকানির বিপরীতে কড়াভাবে প্রতিক্রিয়া দেখাবে না। চিন্তার কারণ হলো, প্রথমে ব্যবহার না করার যে পারমাণবিক ডকট্রিন আছে, সেটি পছন্দ নয় পাকিস্তানের। বরং দেশটি নিজেদের যুদ্ধাস্ত্রের অংশ হিসেবে স্বল্প ক্ষমতাসম্পন্ন পারমাণবিক অস্ত্র ইতিমধ্যে মোতায়েন করে রেখেছে। এসব অস্ত্র কোনো কারণে হাতবদল হলে তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে নিজ দেশের নাগরিকেরাই, এমন ঝুঁকি থাকা সত্ত্বেও এ উদ্যোগ নিয়েছে পাকিস্তান।

প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার পক্ষে ভারত। কিন্তু দেশটির সামরিক পরিকল্পনায় এমন দৃশ্যকল্পও অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে শত্রুপক্ষের ভূখণ্ড দখল ও জবাব দেওয়ার আগেই পাকিস্তানের আক্রমণের সামর্থ্য চুরমার করে দেওয়ার ভাবনা তাদের আছে।

ইসলামাবাদে দুই মিনিটে, লাহোর এক মিনিটে খতম
ভারতের অস্ত্রভান্ডারে শব্দের চেয়ে ৫ গুণ গতিবেগসম্পন্ন ব্রহ্ম-৩ আছে। এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র। ৩০০ কেজি ওজনের যেকোনো বিস্ফোরক পাকিস্তানের যেকোনো স্থানে নিক্ষেপ করতে সক্ষম এটি। ইসলামাবাদে দুই মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে ব্রহ্ম, লাহোরে এক মিনিটেরও কম সময়ে। আর সবচেয়ে খারাপ দৃশ্যকল্পটি, পারমাণবিক হামলা হলেও ভারত মনে করে, পাকিস্তানের চেয়ে তাদের চার গুণ বেশি ভূখণ্ড থাকায় পারমাণবিক হামলা হজম করার সক্ষমতা তাদের বেশি।

তবে উভয় দেশ সামরিক আস্ফালন দেখাতে অভ্যস্ত হলেও তারা জানে যে পুরোদমে যুদ্ধ শুরু হলে এর মূল্য হবে বেশ চড়া। অন্যদিকে চীনের উত্থান, আফগানিস্তানে অস্থিরতা এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কারণে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তা সত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায় এখনো মনে করে, প্রয়োজনে ভারত ও পাকিস্তানকে সংঘাত থেকে সরাতে পারবে তারা।

কিন্তু ভারত ও পাকিস্তানের উচিত, ৭০ বছরের তিক্ত সম্পর্কের যে মূল্য দিতে হয়েছে, তা খোলাখুলিভাবে স্বীকার করা। প্রজন্মের পর প্রজন্ম ধরে যুদ্ধ পরিচালনা ও সামরিক তৎপরতা বজায় রাখতে গিয়ে মানুষের জীবন ও সম্পদ খরচ হয়েছে প্রচুর। উপমহাদেশের দুই অংশের মধ্যে অর্থপূর্ণ সম্পর্ক থাকলে অপরিসীম লাভ হতো। বর্তমানে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ মাত্র ২৫০ কোটি ডলার।

স্থায়ী শত্রুতার বাতাবরণে বিকৃত হয়েছে অভ্যন্তরীণ রাজনীতি; বিশেষ করে পাকিস্তানে। সেখানে জেনারেলরা বারবার জাতীয় নিরাপত্তার নামে গণতন্ত্রকে আঘাত করেছে। পাকিস্তান সাংস্কৃতিকভাবেও ক্ষতির শিকার হয়েছে। নিজেদের ঘরানার উপমহাদেশীয় সংস্কৃতির বদলে দেশটি আরব বিশ্বের দিকে ঝুঁকেছে। প্রভাবিত হয়েছে ইসলামের কম সহিষ্ণু ভাবধারায়। অন্যদিকে ভারত নিজের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ থেকে সরে ঝুঁকেছে সজাতীয় রাজনীতিতে।

ভারতের ভয়ে পাকিস্তানি জেনারেলরা আফগানিস্তানে নাক গলাতে উৎসাহী। আফগানিস্তানকে জেনারেলরা বিবেচনা করে নিজেদের কৌশলগত ‘আঙিনা’ হিসেবে। এখানে কোনো বিদেশি শক্তিকে ঘোরাফেরা করতে দেওয়া যাবে না, এমনই নীতি তাদের। পাকিস্তানের ক্রমাগত উসকানির ফলে ভারত অন্যদিকে নিজেদের ছোট ছোট প্রতিবেশীর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। এ নিয়ে অবাক হওয়ার কিছু নেই যে উপমহাদেশের সামগ্রিক বাণিজ্যের মাত্র ৫ শতাংশ হলো আঞ্চলিক বাণিজ্য। অথচ, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই হার এক-চতুর্থাংশ বেশি।
ভাষান্তর: রাশেদুল আলম রাসেল