কড়া ভাষায় তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি মন্তব্য করেছেন, পিটিআইয়ের নেতৃত্ব খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের সেবা করার বদলে পুরোটা সময় নাচানাচি ও কনটেইনারের পেছনেই ব্যয় করে।
রাজধানী ইসলামাবাদে গতকাল মঙ্গলবার ক্ষমতাসীন পিএমএল-এন-এর প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়ে নওয়াজ শরিফ এ মন্তব্য করেন। এর আগে সোমবার পিটিআই নেতা ইমরান খান আগামী ২ নভেম্বর রাজধানীকে আবার অবরুদ্ধ করার ঘোষণা দেন।
গতকাল নওয়াজ শরিফ বলেন, এখন খাইবার পাখতুনখাওয়ার জনগণ তাদের নির্বাচিত নেতাকে খুঁজছে। ‘নয়া পাকিস্তান’-এর আশ্বাস দেওয়া ব্যক্তিদের খুঁজছে তারা, কিন্তু তাদের কেবল কনটেইনারেই পাওয়া যায়।
এর আগে ইমরান যে রাজধানী ঘেরাওয়ের সময় কনটেইনারের ওপর মঞ্চ বানিয়ে বক্তৃতা করেছিলেন, সেদিকেই ইঙ্গিত করেন নওয়াজ।
নওয়াজ শরিফ এ সময় আরও বলেন, ‘নিজ প্রদেশে মনোযোগ দিলে জনগণ আপনার প্রশংসা করত। কিন্তু পরিস্থিতি এখন এমন যে একটি সমাবেশের উদ্যোগ ও তাতে লোকজনের অংশগ্রহণ নিশ্চিত করতেই কয়েক মাস লেগে যাবে আপনার।’