কোয়েটায় টিকা কেন্দ্রে আত্মঘাতী হামলা, নিহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা নগরের এক পোলিও টিকাদান কেন্দ্রের বাইরে ‘আত্মঘাতী’ বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।
এ বোমা হামলায় হতাহত ব্যক্তিদের অধিকাংশই ওই স্বাস্থ্যকেন্দ্র পাহারায় থাকা পুলিশের সদস্য বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানে পোলিও টিকাদান কর্মসূচিতে নিয়োজিত কর্মীদের নিরাপত্তায় সশস্ত্র পুলিশের পাহারা এখন নিয়মিত এক দৃশ্য। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু রক্তক্ষয়ী হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে এই কর্মীদের।
পাকিস্তানে সক্রিয় তালেবান যোদ্ধারা দেশটিতে এই কর্মসূচি চালানোর বিরোধী। তাদের কথায়, টিকাদানের আড়ালে পাকিস্তানি শিশুদের শারীরিকভাবে অক্ষম করে ফেলার একটি পশ্চিমা ষড়যন্ত্র।
পাকিস্তান ও আফগানিস্তানে পোলিওর অস্তিত্ব এখনো সর্বব্যাপী।
বেলুচিস্তান প্রদেশের মন্ত্রী সরফরাজ বুগতি জানান, গতকাল বুধবার সকালে এ বোমা হামলা চালানো হয়। অন্য দিনের মতোই এদিন টিকাদান কর্মসূচির কাজ শুরুর আগে স্বাস্থ্যকর্মী ও তাঁদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সদস্যরা নিজেদের কাজের বিবরণী পেশ করছিলেন। ঠিক তখন বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনই পুলিশের সদস্য। একজন পথচারী। আহত হয়েছেন প্রায় ২০ জন।
হামলায় প্রাণে বেঁচে যাওয়া পুলিশ কর্মকর্তা সাবির আহমেদ বলেন, কোয়েটার বিভিন্ন স্থানে টিকাদান কর্মসূচির কাজে বেরিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল তাঁর দল। সে সময়ই তাঁরা এ হামলার শিকার হন। তিনি বলেন, ‘হঠাৎ এক বিকট শব্দ শুনলাম। পড়ে গেলাম মাটিতে। কিছুই দেখছিলাম না। চারদিক ছিল ধুলোয় আচ্ছন্ন।’
পুলিশ উপকমিশনার খিলজি বিবিসিকে বলেন, হামলার কারণে প্রদেশটিতে পোলিও টিকাদান কর্মসূচি বন্ধ করা হয়নি।
সাম্প্রতিক মাসগুলোতে এই প্রদেশে পোলিও টিকাদান কর্মসূচিকে লক্ষ্য করে যেসব হামলা চালানো হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম রক্তক্ষয়ী ছিল এটি।