কোয়েটায় ফের বোমা হামলা, আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় ফের বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শরিয়ত আদালতের এক বিচারকের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে আহত হয়েছেন ১৪ জন।

কোয়েটার জারগন সড়কে হামলার ঘটনাটি ঘটে। এতে বিচারপতি জহুর শাহওয়ানির নিরাপত্তায় নিয়োজিত পাকিস্তানের সন্ত্রাসবিরোধী বাহিনীর (এটিএফ) একটি গাড়ি আক্রান্ত হয়। আহত ব্যক্তিদের কোয়েটার একাধিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সাফারাজ বুগতি। মন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তিতে প্রস্তুত বোমা দিয়ে হামলাটি চালানো হয়েছে।

গতকালের হামলায় আহত ব্যক্তিদের কয়েকজনকে কোয়েটার যে সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেখানেই গত সোমবার ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৭৪ জন নিহত হন, যাঁদের অধিকাংশই ছিলেন আইনজীবী।