
পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি সরকারি হাসপাতালে গতকাল সোমবার বোমা বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেক মানুষ। নিহত ব্যক্তিদের একটি বড় অংশ আইনজীবী ও সংবাদকর্মী।
বেলুচিস্তানের প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী রহমত সালেহ বালুচ বলেছেন, নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। বেলুচ সরকারের মুখপাত্র আনোয়ার উল হক কাকার এই আত্মঘাতী হামলাকে পূর্বপরিকল্পিত বলে আখ্যায়িত করেছেন।
জামাত–উল–আহরার নামে পাকিস্তান তালেবানের একটি শাখা এ হামলার দায় স্বীকার করেছে।
আক্রান্ত সরকারি হাসপাতালটির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুর রহমান মিনাখেল গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের জানান, হামলায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ হামলার তীব্র নিন্দা জানিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন। নওয়াজ বলেন, ‘বেলুচিস্তানের শান্তি বিঘ্নিত করতে পারে, এমন কোনো কিছুই বরদাশত করা হবে না।’
বেলুচিস্তানের স্বরাষ্ট্রসচিব আকবর হারিফল বলেন, একটি পৃথক ঘটনায় নিহত বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাল আনোয়ার কাসিরের মরদেহ নিয়ে হাসপাতালে জড়ো হয়েছিলেন ২২০ জনের বেশি আইনজীবী ও সাংবাদিক। তখনই এ বিস্ফোরণ ঘটে। হামলার পর ভিডিও ফুটেজে ছিন্নবিচ্ছিন্ন দেহ পড়ে থাকতে দেখা গেছে। ছবিতে দেখা যায়, রক্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে। আহত ব্যক্তিরা আর্তচিৎকার করছেন। একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন।
গতকালই বাড়ি থেকে বের হওয়ার পর আদালত প্রাঙ্গণে পৌঁছার আগে আইনজীবী বিলাল আনোয়ার কাসির গুলিতে নিহত হন। তাঁর লাশ দেখতে হাসপাতালে জড়ো হন আইনজীবী ও সাংবাদিকেরা। এ সময়ই বিস্ফোরণ ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ জনই আইনজীবী বলে জানা গেছে।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এর খবরে বলা হয়, হামলায় ‘আজ টিভির’ ক্যামেরা পারসনের সহযোগী শাহজাদ খান নিহত হন। আহত হন ডন-এর আলোকচিত্রী।
পাকিস্তানে এ বছর দ্বিতীয়বারের মতো এমন ভয়াবহ হামলা হলো। এর আগে লাহোরের একটি পার্কে ইস্টারের সময় এক বোমা হামলায় ৭৫ জন নিহত হন।