কোয়েটায় বাসে গুলি, চার নারী নিহত
পাকিস্তানের কোয়েটায় বাসে গুলি করে বন্দুকধারীরা অন্তত চার নারীকে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। অজ্ঞাত পরিচয় হামলাকারীরা আজ মঙ্গলবার সন্ধ্যায় পুড গালি চক এলাকার কাছাকাছি কিরানি সড়কে একটি বাস লক্ষ্য করে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশের একজন কর্মকর্তা দেশটির ডন পত্রিকাকে জানিয়েছেন, দুটি মোটরসাইকেলে করে বন্দুকধারীরা একটি লোকাল বাস লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চার নারী নিহত ও একজন আহত হন। প্রাথমিকভাবে তিনি জানান, ওই নারীরা শিয়া সম্প্রদায়ের লোক এবং বাসটি হাজারা টাউনে যাচ্ছিল।
স্থানীয় টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কোয়েটার বোলান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে ওই হাসপাতালেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি।
এক দশকের বেশি সময় ধরে বেলুচিস্তানে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। গত ১৫ বছরে সংখ্যালঘু শিয়া ও হাজারা সম্প্রদায়ের প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে।