কোয়েটায় হামলাকারীরা আফগানিস্তান থেকে আসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় হামলা চালানো জঙ্গিরা প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকে আসে। দেশটির কর্মকর্তারা এমনটাই বলছেন। আজ বুধবার পাকিস্তানের দ্য ডন পত্রিকার অনলাইনে এ তথ্য জানানো হয়।

কোয়েটার একটি পুলিশ একাডেমিতে গত সোমবার রাতে জঙ্গি হামলা হয়। হামলায় নিহত হয় অন্তত ৬১ জন। নিহত ব্যক্তিদের অধিকাংশই ক্যাডেট।

হামলার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার কোয়েটায় ছুটে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান, সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফসহ সরকার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। হামলায় নিহত ব্যক্তিদের জানাজায় অংশ নেন তাঁরা। আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান।

সূত্র বলছে, পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল একটি বৈঠক করেন। বৈঠকে বেলুচিস্তান প্রাদেশিক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সেখানে হামলার বিষয়টি আলোচিত হয়। আলোচনা হয় কোয়েটার নিরাপত্তা নিয়েও। বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র বলছে, কোয়েটার নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের ব্যর্থতায় বৈঠকে উদ্বেগ জানান প্রধানমন্ত্রী। কর্মকর্তারা নওয়াজ শরিফকে পুলিশ একাডেমিতে হামলার বিষয়ে তথ্য জানান। হামলার বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও ওই একাডেমিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি বলে জানানো হয়।

বৈঠকে জানানো হয়, পুলিশ একাডেমিতে যারা হামলা চালিয়েছে, তারা আফগানিস্তান থেকে এসেছে। আফগানিস্তানে থাকা হোতাদের সঙ্গে হামলাকারীদের যোগাযোগও ছিল।

এ কথা শুনে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, আফগানিস্তানের সঙ্গে আলোচনায় এ বিষয়টি তিনি তুলবেন।