কড়া জবাব পাকিস্তানের
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলায় ১৮ সেনা হত্যার পরিকল্পনাকারী হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে নয়াদিল্লির অভিযোগের কঠোর
জবাব দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছে, ভারত ‘হুল ফোটানোর মতো কথাবার্তা’ বলছে।
পাকিস্তান অভিযোগ করেছে, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি থেকে মনোযোগ সরাতে ভারত এ ধরনের ‘স্থূল প্রচেষ্টা’ চালাচ্ছে।
গত রোববারের ওই হামলার পরপরই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দেন। কাশ্মীরের ওই সেনানিবাসে জঙ্গি হামলায় ওই দিন ১৭ সেনা প্রাণ হারান। আহত অবস্থায় আরেক সেনা গতকাল মারা যান। কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা চলছে বেশ কিছুদিন ধরেই। পরিস্থিতি মোকাবিলায় সেখানে কারফিউ দিয়েছে নয়াদিল্লির কর্তৃপক্ষ। কাশ্মীরে গত দুই মাসে অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছে।
কাশ্মীরে সেনাবাহিনীর ওপর রোববারের হামলাটি ছিল গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ।