কয়েকজন মিলে আমাকে লাথি মেরে বের করে দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে গতকাল শোভাযাত্রায় সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ l এএফপি
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে গতকাল শোভাযাত্রায় সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ l এএফপি

পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, কোটি লোক তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আর অল্প কয়েকজন মিলে তাঁকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করেছেন। জনগণের ম্যান্ডেট ছিঁড়ে ফেলা হয়েছে। কয়েকজন মিলে তাঁকে লাথি মেরে বের করে দিয়েছেন। ‘ঐতিহাসিক’ বাড়ি ফেরার শোভাযাত্রার পথে গতকাল শুক্রবার পাঞ্জাব প্রদেশের শহর গুজরাটে পৌঁছে ভাষণে এ কথা বলেন নওয়াজ।

আগের দিন ঝিলামে সমাবেশে ভাষণ দিয়েছিলেন নওয়াজ শরিফ। একই ভাষণের প্রতিধ্বনি করেন গুজরাটে। সমবেত সমর্থকদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘আপনারা কি আমার বিরুদ্ধে রায়কে মেনে নিয়েছেন?’ না-সূচক জবাব দেন সমর্থকেরা। তখন নওয়াজ দেশে পরিবর্তন আনার চেষ্টায় সমর্থকদের সমর্থন কামনা করেন।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘নওয়াজকে কেন সরিয়ে দেওয়া হলো? কেউ আমাকে বলুন আমার বিরুদ্ধে অভিযোগ কী? বিচারপতিরা রায়ে জানিয়েছেন, আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। জাতি জানতে চায় কেন আমাকে ক্ষমতাচ্যুত করা হলো।’

বুধবার দুপুরে ইসলামাবাদ থেকে এই শোভাযাত্রা শুরু হয়। গতকাল দুপুরে গুজরাটে সমাবেশের পর রাতে তিনি গুজরানওয়ালায় ছিলেন। পরে শোভাযাত্রাসহকারে নিজের জন্মস্থান লাহোরে পৌঁছাবেন নওয়াজ।

নওয়াজের আসনে কুলসুম প্রার্থী

পাকিস্তানের লাহোরের নওয়াজের আসনে উপনির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ। কুলসুম নওয়াজের উপনির্বাচনে অংশগ্রহণের বিষয়টি এ সপ্তাহের শুরুর দিকে নিশ্চিত করা হয়।