খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সেনাবাহিনীনিয়ন্ত্রিত বিদ্যালয়ে তালেবান হামলাকারীরা বেশির ভাগ শিক্ষার্থীর মাথায় খুব কাছে থেকে গুলি করে হত্যা করেছে। বেঁচে যাওয়া অনেক শিক্ষার্থী জানিয়েছে, হামলার দিন প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের হলঘরে জড়ো হয়েছিল। বাইরে থেকে হলঘরটি আটকে দিয়ে ঘুরে ঘুরে গুলি করে হত্যাযজ্ঞ চালায় হামলাকারীরা। একই কায়দায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। 
ঘটনার দিন হলঘরে ছিল সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জিসান। সে জানায়, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ চলাকালে এক সময় তারা গুলির শব্দ শুনতে পায়। প্রশিক্ষক তাদের মেঝেতে শুয়ে পড়তে বলেন। এর মধ্যেই হামলাকারীরা হলঘরে ঢুকে পড়ে। শিক্ষার্থীদের মাথার খুব কাছে থেকে তারা গুলি চালায়। জিসানের পায়ে গুলি লাগায় সে বেঁচে গেছে। 
অপর এক শিক্ষার্থী জানিয়েছে, হামলাকারীরা শ্রেণিকক্ষে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি চালায়। শ্রেণিকক্ষে থাকা শিক্ষককেও গুলি করা হয়।
প্রদেশের তথ্যমন্ত্রী মুশতাক আহমেদ ঘানি লেডি রিডিং হাসপাতালে সাংবাদিকদের বলেন, নিহত শিক্ষার্থীদের বেশির ভাগের মাথায় গুলির আঘাতের চিহ্ন ছিল। তিনি আরও জানান, নিহত বেশির ভাগ শিক্ষার্থীর লাশ সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। লেডি রিডিং হাসপাতালে আনা হয়েছে ৩০ জনের লাশ। আর হামলার ঘটনায় আহত অপর ২৫ জনের অবস্থা গুরুতর।
একজন সাংবাদিক বলছিলেন, সামরিক হাসপাতালে তিনি ১৭ জনের লাশ দেখেছেন। এদের সবার মাথায় গুলির আঘাতের চিহ্ন ছিল। কিছু লাশ বিকৃত করা হয়েছে। 
বিদ্যালয়ে তালেবান হামলায় ১৩২ জন শিক্ষার্থীসহ ১৪১ জন নিহতের ঘটনায় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করেছেন প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাক। তিনি নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে পাঁচ লাখ রুপি ও আহত প্রত্যেক শিক্ষার্থীকে দুই লাখ রুপি প্রদানের ঘোষণা দিয়েছেন। সূত্র: ডন