গুপ্তচরবৃত্তির অভিযোগ: ভারতীয়কে মৃত্যুদণ্ড দিল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন পাকিস্তানের সেনা আদালত।

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের নির্দেশের বিষয়টি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া জানিয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, কুলভূষণ যাদবের বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ প্রমাণ করে তাঁকে দোষী সাব্যস্ত করেছে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল (এফজিসিএম)।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৩ মার্চ পাকিস্তানের বেলুচিস্তান থেকে ৪৬ বছর বয়সী কুলভূষণকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের অভিযোগ, কুলভূষণ ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর গুপ্তচর। গুপ্তচরবৃত্তি ও নাশকতায় উসকানি দেওয়ার কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর ইসলামাবাদ থেকে একটি ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ওই ভিডিও চিত্রে কুলভূষণের গুপ্তচরবৃত্তির প্রমাণ রয়েছে।

তবে পাকিস্তানের এ অভিযোগ নাকচ করে দিল্লি জানিয়েছে, কুলভূষণ এখন শুধু একজন ভারতীয় নাগরিক। অবসর নেওয়ার পর তাঁর সঙ্গে সরকারের কোনো যোগাযোগ নেই। তাই তিনি কোনোভাবেই গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত নন।

প্রতিবেদনে আরও বলা হয়, এ ঘটনায় দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিতকে তলব করেছে ভারত সরকার। এক বিবৃতিতে দিল্লি বলেছে, যদি অন্যায়ভাবে ভারতীয় ওই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে ভারত সরকার ও জনগণ এটাকে ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবেই বিবেচনা করবে।

নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা বলেন, কুলভূষণের মৃত্যুদণ্ডাদেশের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানায়নি পাকিস্তান। গণমাধ্যমে তাঁরা এ বিষয়ে জানতে পেরেছেন। যেখানে বলা হয়েছে, কুলভূষণ গুপ্তচরবৃত্তির বিষয়টি স্বীকার করেছেন।