গোটা কাশ্মীরই ছিনিয়ে আনব: বিলাওয়াল
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, তাঁর দল ভারতের কাছ থেকে কাশ্মীরের পুরো ভূ-খণ্ড ছিনিয়ে আনবে। কাশ্মীরের এক ইঞ্চি মাটিও ভারতকে ছেড়ে দেবে না।
২০তম জন্মদিন সামনে রেখে (বিলাওয়ালের জন্ম ২১ সেপ্টেম্বর) গত শুক্রবার পাঞ্জাবের মুলতানে দলের নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে বিলাওয়াল এ কথা বলেন।
বিলাওয়ালের এই বক্তব্যে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী কংগ্রেস পার্টির নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা বলেছেন, যুদ্ধ বাধালে ভারত পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
নেতা-কর্মীদের উদ্দেশে বিলাওয়াল বলেন, ‘আমি পুরো কাশ্মীর ফেরত আনতে চাই বরং এক ইঞ্চি জমিও ভারতের হাতে থাক, এমনটা আশা করি না। সমগ্র কাশ্মীর পাকিস্তানের অংশ হবে এবং পাকিস্তানিরাই এর ন্যায্য দাবিদার।’ এ সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন পিপিপির দুই শীর্ষস্থানীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও রাজা পারভেজ আশরাফ।
বিলাওয়াল ২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। বিলাওয়াল কাশ্মীর ইস্যুতে এ ধরনের কড়া বক্তব্য রাখলেও তাঁর দল পিপিপি বরাবরই আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে।
বিলাওয়ালের দেওয়া ভাষণে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিজেপির নেতা সুবরামনিয়ান স্বামী। তিনি মনে করেন, এটি একটি বাচ্চাসুলভ বক্তব্য। দলের এবং মানুষের কাছে নিজের পরিচিতি তুলে ধরার জন্য বিলাওয়াল এসব চটকদারি কথা বলেছেন। তবে স্বামী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কাশ্মীরের ব্যাপারে পাকিস্তান বাড়াবাড়ি করলে তার পরিণাম ভয়াবহ রূপ নেবে।
স্বামী মনে করিয়ে দিয়ে বলেন, এখন পর্যন্ত পাকিস্তান ভারতের সঙ্গে চার চারবার যুদ্ধে লিপ্ত হয়েছে এবং সবকটি যুদ্ধেই তারা পরাজিত হয়েছে।
স্বামী আরও বলেন, তাঁরা কাশ্মীরের দখল চাইলে আমরাও বেলুচিস্তান, সিন্ধু এই এলাকার জন্য দাবি তুলতে পারি।
অন্যদিকে কংগ্রেসের নেতা সন্দীপ দীক্ষিত বলেছেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এতে ভেদ সৃষ্টিকারীদের কোনোভাবে সহ্য করবে না ভারত।
সন্দীপ দীক্ষিতের রাজনৈতিক সহকর্মী শাকিল আহম্মেদ বলেন, রাজনৈতিক অনভিজ্ঞতার কারণেই বিলাওয়াল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। তাঁর আসলে ভারতের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই।
ভারত সরকারের পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র সৈয়দ আকব্বর উদ্দীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমরা পেছনের দিকে আর তাকাতে চাই না, বরং সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই। পাকিস্তানের উচিত অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সাবধান থাকা। ভারত তার অখণ্ডতার ব্যাপারে কারও সঙ্গে কোনো ধরনের ছাড় দেবে না।’