ঘৃণা ছড়ানোর দায়ে নিষিদ্ধ পাকিস্তানি উপস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘৃণা ছড়ানোর দায়ে পাকিস্তানি টিভি উপস্থাপক আমির লিয়াকতকে গত বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষণা করেছে গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থা। একই সঙ্গে টিভি চ্যানেল বোল নিউজে চলা এই উপস্থাপকের অনুষ্ঠানও নিষিদ্ধ করা হয়েছে।
বোল নিউজের অনুষ্ঠান ‘অ্যায়সে নেহি চলেগা’র উপস্থাপনা করতেন আমির লিয়াকত। গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থা পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমির লিয়াকত ও তাঁর অনুষ্ঠানকে ঘৃণা ছড়ানোর জন্য অবিলম্বে নিষিদ্ধ করা হয়েছে।
জিবরান নাসির নামের এক সমাজকর্মী পেমরায় অভিযোগ করেছিলেন, উপস্থাপক আমির লিয়াকত তাঁর বিরুদ্ধে ‘অপবাদ’ ছড়াচ্ছেন। পর্যবেক্ষক সংস্থাটিতে করা অভিযোগপত্রে এই সমাজকর্মী আরও বলেন, আমির জানুয়ারির শুরুর দিকে নিখোঁজ হওয়া কয়েকজন ব্লগার ও তাঁর বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ ও জীবন বিপন্নকর প্রচারণা শুরু করেছেন’। এ অভিযোগের পর আমিরের অনুষ্ঠান অ্যায়সে নেহি চলেগার কয়েকটি পর্ব ‘পর্যবেক্ষণ’ করে পেমরা তাঁকে নিষিদ্ধ করল।