পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম আসায় আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে তদন্ত করার দাবি তুলেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। তিন মাস বিরতি দেওয়ার পর আবার নিজেদের চার দফা দাবি নিয়ে সোচ্চার হচ্ছে দলটি।
পিপিপির দাবি হচ্ছে ‘পানামা গেট’ কেলেঙ্কারি তদন্ত চেয়ে বিরোধী দলের প্রস্তাবিত বিল পাসের ব্যবস্থা করা, ‘পূর্ণাঙ্গ দায়িত্বের’ একজন পররাষ্ট্রমন্ত্রী নাম ঘোষণা করা, জাতীয় নিরাপত্তাবিষয়ক পার্লামেন্টারি কমিটি গঠন করা এবং বহুদলীয় সম্মেলনে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে গৃহীত প্রস্তাব বাস্তবায়ন করা।
বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিজের কাছেই রেখেছেন। সারতাজ আজিজ প্রধানমন্ত্রীর এ-বিষয়ক উপদেষ্টা হিসেবে কার্যত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
শনিবার লাহোরে নিজের বাসায় দলীয় নেতাদের এক বৈঠকে সমাবেশ এবং রাজনৈতিক কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেন বিলাওয়াল। তিনি অভিযোগ করেন, প্রশাসন যথাযথ নিরাপত্তা দিচ্ছে না। ফলে পাঞ্জাবে রাজনৈতিক সমাবেশ করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
বিলাওয়াল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের সরকারকে উদ্দেশ করে বলেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কিছুদিন আগে রাজনৈতিক সমাবেশে যে ধরনের নিরাপত্তা পেয়েছেন, পিপিপির আয়োজনেও একই ধরনের নিরাপত্তা দিতে হবে। পিপিপি নেতা আরও বলেন, নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না করা হলেও পিপিপি পাঞ্জাবে সমাবেশ করবে। গত শুক্রবার এ প্রদেশের মুলতানে সমাবেশ করার কথা ছিল বিলাওয়ালের। কিন্তু নিরাপত্তার কারণে তা পরে স্থগিত করা হয়।