চীনের সিনোফার্মের টিকা কিনবে পাকিস্তান
চীন থেকে করোনাভাইরাসের টিকা কিনবে পাকিস্তান। দেশটি প্রাথমিকভাবে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের ১২ লাখ ডোজ টিকা কিনবে বলে আজ বৃহস্পতিবার সে দেশের একজন মন্ত্রী জানান। করোনা সংক্রমণের দ্বিতীয় দফা ঢেউ চলার মধ্যে এই প্রথম দক্ষিণ এশিয়ার কোনো দেশ এ টিকা কেনার আনুষ্ঠানিক ঘোষণা দিল। রয়টার্সের খবর।
এর আগে আজই চীন নিজ দেশের সাধারণ জনগণের ওপর সরকারি সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠান সিনোফার্মের এই টিকা প্রথম ব্যবহারের অনুমোদন দেয়।
পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন টুইটারে লেখেন, ‘চীনের প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে প্রাথমিকভাবে ১২ লাখ ডোজ টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা কমিটি। করোনা মহামারিকালে সম্মুখযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হওয়া ব্যক্তিদের আগামী তিন মাসে বিনা মূল্যে এই টিকা দেওয়া হবে।’
পাকিস্তানে করোনা সংক্রমণের দ্বিতীয় দফা ঢেউ চলছে। গত বুধবার দেশটিতে ৫৮ জন আক্রান্ত ব্যক্তি মারা যান। এ নিয়ে সেখানে মোট মৃত মানুষের সংখ্যা ১০ হাজার ছাড়াল। ওই দিন নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৭৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত সংক্রমিত হলেন মোট ৪ লাখ ৭৯ হাজার ৭১৫ জন।
চলতি ডিসেম্বরের শুরুর দিকে পাকিস্তান কোভিড-১৯ টিকা কিনতে ১৫ কোটি মার্কিন ডলারের (প্রায় ১ হাজার ২৭৫ কোটি টাকা) তহবিল অনুমোদন দেয়। প্রাথমিকভাবে এ তহবিলের সাহায্যে করোনা সংক্রমণের সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ৫ শতাংশকে টিকার আওতায় আনা হবে।
করোনা প্রতিরোধে আর কোন সূত্র থেকে টিকা সংগ্রহ করা হবে, সে বিষয়ে পাকিস্তান এখনো ঘোষণা দেয়নি। তবে বিশেষজ্ঞদের একটি দল এ–সংক্রান্ত সুপারিশ তৈরি করছে। ওই সুপারিশে একাধিক সূত্র থেকে টিকা কেনার কথা বলা হতে পারে। চৌধুরী ফাওয়াদ হোসেন বলেন, ‘আন্তর্জাতিকভাবে অনুমোদন পাওয়া কোনো টিকা বেসরকারি খাতের কেউ আমদানি করতে চাইলে তাকে সেই অনুমতি দেওয়া যেতে পারে।’
পাকিস্তানে করোনা সংক্রমণের দ্বিতীয় দফা ঢেউ চলছে। গত বুধবার দেশটিতে ৫৮ জন আক্রান্ত ব্যক্তি মারা যান। এ নিয়ে সেখানে মোট মৃত মানুষের সংখ্যা ১০ হাজার ছাড়াল। ওই দিন নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৭৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত সংক্রমিত হলেন মোট ৪ লাখ ৭৯ হাজার ৭১৫ জন। দেশটিতে ক্যানসিনো বায়োলজিকসের টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চলছে।