জইশ-ই-মুহাম্মদের প্রধানের ওপর নিষেধাজ্ঞার নতুন প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহার
জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহার

পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের কাছে নতুন প্রস্তাব এনেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাঁকে বৈশ্বিক জঙ্গি হিসেবে তালিকাভুক্ত করা হলে তাঁর ওপর ভ্রমণ, সম্পদ বাজেয়াপ্ত করা বা অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হবে।

১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলের মধ্যে ভেটো ক্ষমতার অধিকারী তিনটি দেশ গতকাল বুধবার ওই প্রস্তাব আনে। নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটি ১০ দিনের মধ্যে ওই প্রস্তাব বিবেচনা করবে। এ নিয়ে গত এক দশকে চতুর্থবারের মতো মাসুদ আজহারের বিরুদ্ধে এ ধরনের প্রস্তাব আনা হচ্ছে। ২০০৯ সালে ভারত তাঁর ওপর নিষেধাজ্ঞার জন্য প্রস্তাব এনেছিল।

এর আগে ২০১৬ সালে আজহার মাসুদের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের কাছে ভারতের দেওয়া প্রস্তাবটিতে ভেটো দিয়েছিল চীন। ওই প্রস্তাবে পাঠানকোট বিমানঘাঁটিতে চালানো সন্ত্রাসী হামলার মূল অভিযুক্ত হিসেবে ভারত আজহার মাসুদের কথা উল্লেখ করেছিল। এর আগে ২০০১ সালেও জইশ-ই-মুহাম্মদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য ভারতের প্রস্তাবে চীন ভেটো দিয়েছিল।

জইশ-ই-মুহাম্মদ ২০০১ সালে ভারতের পার্লামেন্টে সন্ত্রাসী হামলায় জড়িত বলে ভারতের অভিযোগ। ১৯৯৪ সালে ভারতের কাশ্মীরে ধরা পড়েন জইশ নেতা মাসুদ আজহার। তবে আফগানিস্তানের কান্দাহারে ১৯৯৯ সালে ভারতীয় বিমান আইসি ৮১৪ ছিনতাই করে নিয়ে গিয়ে জঙ্গিরা পণবন্দীদের বিনিময়ে মাসুদ আজহারকে ছাড়িয়ে নেয়।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জওয়ান নিহত হওয়ার জবাবে মঙ্গলবার ভোরে পাকিস্তানে ঢুকে বিমান হামলা চালায় ভারত। এতে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। পুলওয়ামায় ওই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছিল জইশ-ই-মুহাম্মদ।