জঙ্গি মদদে ক্ষান্ত দেবে পাকিস্তানি সেনারা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালেবান বন্দুকধারীদের হামলায় নিহত সবার জন্য দোয়া করছে শিক্ষার্থীরা। এ ঘটনায় আজ থেকে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ছবিটি আজ করাচি থেকে তোলা। ছবি: এএফপি
তালেবান বন্দুকধারীদের হামলায় নিহত সবার জন্য দোয়া করছে শিক্ষার্থীরা। এ ঘটনায় আজ থেকে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ছবিটি আজ করাচি থেকে তোলা। ছবি: এএফপি

রাজনৈতিক কৌশল হিসেবে পাকিস্তানি সেনারা জঙ্গিদের মদদ দিয়ে থাকে বলে যে অভিযোগ রয়েছে, পেশোয়ারে গতকালের নির্মম ও ন্যক্কারজনক ঘটনায় এখনো তা বহাল থাকবে কি না—এ নিয়ে প্রশ্ন উঠেছে। তারা কি এখন আগের মতোই নীরব সমর্থন দিয়ে যাবে জঙ্গিদের সহিংস তৎপরতায়?
এ প্রশ্ন এখন তোলপাড় করে বেড়াচ্ছে। তালেবান জঙ্গিদের ওই নৃশংস হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। বিশেষ করে শতাধিক নির্দোষ শিশু নিহত হওয়ার ঘটনায় মুষড়ে পড়েছে সবাই। ওয়ারসাক রোডে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে আত্মঘাতী ওই হামলায় ১৩২ জন শিক্ষার্থীসহ অন্তত ১৪১ জন নিহত হয়। 
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, স্কুলে তালেবানের হামলায় উদ্বিগ্ন ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের পাশে থাকবে ভারত।

ভারতের পক্ষ থেকে বরাবরই অভিযোগ করা হয়, ভারতকে চাপে রাখতে পাকিস্তানের সেনাবাহিনী বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর উত্থান ও সেগুলোর লালন-পালনে মদদ দিয়ে থাকে। তবে পাকিস্তান বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।

ভারতের মুম্বাইয়ের তাজ হোটেলে হামলার সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সংশ্লিষ্টতা ছিল। এই সংগঠনটিকে পাকিস্তানের সেনাবাহিনী মদদ দেয় বলে জোরালো অভিযোগ রয়েছে। এ ধরনের জঙ্গি সংগঠনকে মদদ দেওয়া পাকিস্তান সেনাবাহিনীর রাজনৈতিক কূটকৌশলের অংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গতকালের হামলার দুই ঘণ্টা পর দায় স্বীকার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি বলেন, ‘উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার পাখতুনখাওয়া এলাকায় সেনাবাহিনীর অভিযান “জারব-ই-আজাব”-এ তালেবান জঙ্গিদের হত্যা ও তাঁদের পরিবারকে হয়রানি করার জবাবে এই হামলা। আমাদের স্বজন হারানোর বেদনা তারাও (সেনারা) বুঝতে পারবে।’ মুখপাত্র আরও বলেন, হামলায় অংশ নিয়েছে ছয়জন।

তালেবান-অধ্যুষিত পাকিস্তানের উপজাতীয় এলাকা উত্তর ওয়াজিরিস্তান ও নিকটবর্তী খাইবার পাখতুনখাওয়ায় অনেক দিন ধরেই অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। সাম্প্রতিক সেনা অভিযানে সেখানে কয়েক শ তালেবান সদস্য নিহত হয়। হামলার শিকার হয় অনেক নিরীহ নারী ও শিশু।

পাকিস্তানের কর্মকর্তারা দাবি করেন, হামলার সময় স্কুলে ৫০০ জন শিক্ষার্থী ছিল। গতকাল সন্ধ্যার কিছু পর নিরাপত্তা বাহিনী স্কুলটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ উদ্ধার অভিযান তদারক করেন। ওই স্কুলের শিক্ষাকার্যক্রম সেনাবাহিনীর অধীনে পরিচালিত হয়। সেনাসদস্যদের সন্তানেরা এখানে পড়াশোনা করে এবং অনেক সেনাসদস্যের স্ত্রী এই স্কুলে শিক্ষকতা করেন।

নিরাপত্তাবিষয়ক বিশ্লেষক সুশান্ত সারেন বলেন, এ হামলার পর পাকিস্তানের সেনাবাহিনীর উচিত পুরো বিষয়টি পর্যালোচনা করা। বিষয়টি খতিয়ে দেখলে তাদের নীতিগত বিষয়ে পরিবর্তন আসতে পারে। আর যদি অন্যবারের মতোই হামলার জন্য অন্য দেশের ওপর দায় চাপানো হয়, তাহলে পরিস্থিতি যা আছে, তাই থেকে যাবে। কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

সাবেক গোয়েন্দাপ্রধান বিক্রম সুদের আশঙ্কা, পাকিস্তানের সেনাবহিনী এই ঘটনাটিকে এমনভাবে দেখাতে পারে যে, তারাই একমাত্র প্রতিষ্ঠান, যারা বিপদ থেকে পাকিস্তানকে রক্ষা করতে পারে।

পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত জি পার্থ সারথি এ ঘটনার সঙ্গে গত সপ্তাহে তালেবান নেতা লতিফ মেহসুদের মুক্তির যোগসূত্র আছে বলে উল্লেখ করেন। লতিফ মেহসুদ ২০১৩ সালে ড্রোন হামলায় নিহত তালেবানপ্রধান হাকিমুল্লাহ মেহসুদের আমলে দ্বিতীয় ব্যক্তি ছিলেন। এর পর তালেবানের নিয়ন্ত্রণ যায় মোল্লা ফজলুল্লাহর কাছে।