জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন নইলে আরও বিচ্ছিন্ন হবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহিল শরিফ ও নওয়াজ শরিফ
রাহিল শরিফ ও নওয়াজ শরিফ

সন্ত্রাসের কারণে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়ে প্রভাবশালী সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছে পাকিস্তানের বেসামরিক সরকার। খুব স্পষ্টভাবে তারা সেনাবাহিনীকে জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে। গত সোমবার সরকার ও সেনাবাহিনীর অত্যন্ত উঁচু পর্যায়ের ছোট একটি দলের বৈঠকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। পাকিস্তানে সেনাবাহিনীকে সরকারের এ ধরনের ভাষায় নির্দেশনা দেওয়া বিরল ঘটনা।
পাকিস্তানে সোমবার সন্ত্রাসবাদ নিয়ে একটি সর্বদলীয় বৈঠকের পাশাপাশি শীর্ষ বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষের বিশেষ একটি বৈঠক হয়। এ বিষয়ে সরকারিভাবে কিছু প্রকাশ করা হয়নি। বৈঠক সূত্র জানায়, এতে জঙ্গিবাদ মোকাবিলায় অন্তত দুটি কর্মপন্থা নির্ধারণ করা হয়। এর একটি হলো, সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইএর মহাপরিচালক জেনারেল রিজওয়ান আখতার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির জানজুয়ার সঙ্গে চারটি প্রদেশ সফর করবেন। তাঁরা আইএসআইর সেক্টর কমান্ডার ও ওই সব প্রদেশের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে একটি বার্তা দেবেন। তা হলো, বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় তবে সেনা গোয়েন্দারা সেখানে হস্তক্ষেপ করবেন না।
এ ছাড়া প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নির্দেশ দেন ভারতের পাঞ্জাবের পাঠানকোটের বিমানঘাঁটিতে হামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে। রাওয়ালপিন্ডি আদালতে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার বিচারও দ্রুত নতুন করে শুরু করতে হবে।
এসব সিদ্ধান্ত গ্রহণের আগে নওয়াজের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আইএসআইএর মহাপরিচালক রিজওয়ান আখতারের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সিদ্ধান্তগুলো এটাই জানান দিচ্ছে যে পাকিস্তানের বর্তমান সরকার একটি নতুন নীতি নিয়ে অগ্রসর হচ্ছে। ওই বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলে এসব নিশ্চিত হওয়া গেছে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রসচিব আইজাজ আহমেদ চৌধুরী একটি উপস্থাপনা তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক স্তরে পাকিস্তান যেভাবে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সে বিষয়টি তুলে ধরেন। পুরোনো মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিষয়ে আইজাজ চৌধুরী বলেন, দুই দেশের সম্পর্কের বেশ অবনতি হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে আইজাজ বলেন, পাঠানকোট হামলার তদন্ত দ্রুত শেষ করা এবং জঙ্গি সংগঠন জইশে মুহাম্মদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আইজাজ আরও বলেন, ঘনিষ্ঠ মিত্র চীন সমর্থন অব্যাহত রাখলেও তারা পর্যন্ত পাকিস্তানের কর্মকাণ্ডের পরিবর্তনের তাগিদ দিয়েছে। এ ক্ষেত্রে আইজাজ সুনির্দিষ্টভাবে বলেন, জইশে মুহাম্মদ নেতা মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্তির বিষয়ে ভারতের আবেদনে চীন আবারও আপত্তি জানালেও এর পক্ষে যৌক্তিক ব্যাখ্যা চেয়েছে তারা।
সরকারি উচ্চপদস্থ সূত্র জানায়, সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের সঙ্গে বৈঠকে নওয়াজ শরিফ বলেন, যদি নীতিগত পরিবর্তন না আনা যায় তবে সত্যিকার অর্থে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে যাবে পাকিস্তান।
‘ভারত তথ্য বিকৃতি করছে’: এদিকে কাশ্মীর ও নিয়ন্ত্রণরেখায় সংঘটিত ঘটনা নিয়ে ভারত ‘তথ্য বিকৃতি’ করে যাচ্ছে মন্তব্য করে এর নিন্দা জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের বিমানবাহিনীর ক্যাডেটদের একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।