জন্মদিনের অনুষ্ঠানে সিংহ
অনেকে মহাধুমধামে জন্মদিন উদ্যাপন করেন। কেট কাটা, ভালো খাবার, গানবাজনার মতো জমকালো অনুষ্ঠানের আয়োজন থাকে। কিন্তু পাকিস্তানের এক তরুণী নিজের জন্মদিনের অনুষ্ঠানে যা করলেন, তা হয়তো কল্পনারও বাইরে। অনুষ্ঠানে তিনি হাজির হলেন এক সিংহ নিয়ে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
বিনোদনের জন্য প্রাণীদের ব্যবহার ঠেকাতে বিশ্বের অনেক দেশ কঠোর হচ্ছে। এর মধ্যে পাকিস্তানের লাহোরের বাসিন্দা সুসান খান বিষয়টিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় সুসানের সম্প্রতি জন্মদিন ছিল। সেই জন্মদিনকে আলাদা রূপ দিতেই সিংহ নিয়ে আসা হয়।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিষয়টি নিয়ে গতকাল সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। সেখানে বলা হয়েছে, সিংহ নিয়ে সুসান খানের জন্মদিন উদযাপনের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একটি সিংহ বেশ ক্লান্ত ভঙ্গিতে সোফায় বসে আছে। শিকল দিয়ে বাঁধা। শিকলটি একজন ধরে রেখেছেন। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ উচ্ছ্বসিত ভঙ্গিতে সুসান খান সিংহের গায়ে হাত বোলাচ্ছেন।
বিনোদনের জন্য প্রাণী ব্যবহার নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন অঙ্গনে। প্রাণী অধিকার সংরক্ষণে নিয়োজিত ব্যক্তিরা সুসানের এই কাজের কড়া সমালোচনা করেছেন।
পাকিস্তানের ‘প্রজেক্ট সেভ অ্যানিমেলস’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রধান সাঈদ হাসান বলেছেন, ওই জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়া তাঁর এক বন্ধুর কাছ থেকে সিংহের ওই ভিডিওগুলো পেয়েছেন তিনি। ভাইস নিউজ নামের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আপনি যদি সিংহের পায়ের দিকে তাকান, তাহলে কোপের চিহ্ন দেখতে পাবেন। তার মানে হচ্ছে, সিংহটির নখ তুলে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানে বাঘ ও সিংহের মতো বন্য প্রাণী নিয়ে লোকজনকে আনন্দ করতে দেখেছি আমি। কিন্তু প্রাণীগুলো মোটেও সুস্থ নয়। প্রাণীগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।’
বন্য প্রাণীর প্রতি সদয় হওয়ার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে প্রজেক্ট সেভ অ্যানিমেলস সুসান খানের জন্মদিনের অনুষ্ঠানের কিছু ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তা দেখে ক্ষোভে ফেটে পড়েন। একজন লেখেন, ‘একেবারে অগ্রহণযোগ্য, অরুচিকর ও জঘন্য কাজ এটা।’