পাকিস্তানের বিভিন্ন অংশে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত মদদ দিচ্ছে—এমন অভিযোগ-সংবলিত নথি জাতিসংঘে জমা দিয়েছে পাকিস্তান। গত বৃহস্পতিবার রাতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের হাতে এটি তুলে দেওয়া হয়। খবর পিটিআইয়ের।
ভারত অবশ্য পাকিস্তানের এ উদ্যোগকে আদৌ আমল দিতে রাজি নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান এভাবে নিজেদের ব্যর্থতা চাপা দিতে চাইছে। তাদের বিরুদ্ধে ভারত এত দিন ধরে যেসব অকাট্য প্রমাণ দাখিল করেছে, সেই অনুযায়ী তারা বরং রাষ্ট্রীয় কর্তব্য পালন করুক।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জাতিসংঘে তাঁর ভাষণে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের অবসানে বৃহস্পতিবার চার দফা শান্তি প্রস্তাব রেখেছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এর পাল্টা বলেন, ভারত সবকিছু করতে প্রস্তুত, পাকিস্তান শুধু তাদের সন্ত্রাসী চরিত্র ঝেড়ে ফেলুক। মুম্বাই হামলার খলনায়কেরা রাষ্ট্রীয় মদদে প্রকাশ্যে যে দেশে ঘুরে বেড়ায়, অর্থসহ সব ধরনের রাষ্ট্রীয় মদদ পায়, তাদের কঠোর শাস্তির ব্যবস্থা আন্তর্জাতিক দুনিয়ার করার সময় এসেছে। সুষমার এই ভাষণের পরই উত্তরদানের অধিকার অনুযায়ী পাকিস্তান তাদের ভারতবিরোধী নথি বান কি মুনের হাতে তুলে দেয়।
পাকিস্তানের বেলুচিস্তান ও করাচিতে জাতিগত হিংসায় ভারতের মদদ দেওয়ার অভিযোগ পাকিস্তান বহুদিন ধরেই করে আসছে। যে নথি জমা দেওয়া হয়েছে, তাতে সেই পুরোনো অভিযোগই নতুন করে দাখিল করা হয়েছে। পাশাপাশি, উপজাতি এলাকাগুলোতে (এফএটিএ) তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সক্রিয় মদদ দেওয়ার অভিযোগও দাখিল করা হয়েছে। জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি সাধারণ সভায় বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত সব সময় সন্ত্রাসের অভিযোগ আনে একটাই কারণে, দ্বিপক্ষীয় আলোচনা যাতে শুরু না করা যায়। যাতে দুই দেশের মধ্যে সার্বিক পরিস্থিতি বিষিয়ে যায়। তিনি বলেন, এই যে ভারত শুধু সন্ত্রাস নিয়ে আলোচনার দাবি জানাচ্ছে, তার মধ্য দিয়েই বোঝা যায় তারা অর্থবহ আলোচনায় একেবারেই আগ্রহী নয়। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আরও অভিযোগ, ২০০৭ সালে সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ যারা ঘটায়, তাদের এখনো শাস্তি দেয়নি।
জাতিসংঘে পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে এ ধরনের নথি পেশ করবে, তা আগেই জানিয়েছিলেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ। বন্ধ থাকা আলোচনা ভেস্তে যাওয়ার পর পরিস্থিতির বদল এত দ্রুত ঘটবে, সেই আশাও ছিল না। সাধারণ পরিষদের অধিবেশনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে কোনো বাক্যালাপও হয়নি। ভারতের হয়ে নওয়াজ শরিফের বক্তব্যের জবাব দিয়েছেন সুষমা স্বরাজ। সে জন্য সুষমাকে ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছেন।