জারদারির ঘুঁটি এবার মেয়ে
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি এবার তাঁর মেয়েকে রাজনীতিতে নামানোর কথা ভাবছেন।
গতকাল বুধবার বার্তা সংস্থা পিটিআই জানায়, সাবেক প্রেসিডেন্ট জারদারির এই সিদ্ধান্ত ছেলে বিলওয়াল ভুট্টোর সঙ্গে তাঁর দূরত্ব বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
গত বছর আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা রাখেন বিলওয়াল। অচিরেই দলীয় বিষয় নিয়ে বাবার সঙ্গে তাঁর মতবিরোধ দেখা দেয়।
দলীয় সূত্র জানায়, বিলওয়াল এখন লন্ডনে আছেন। রাজনীতি থেকে দুই বছরের জন্য দূরে থাকার পরিকল্পনা করছেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে এখন উচ্চশিক্ষা গ্রহণ করবেন বিলওয়াল।
পিপিপির একটি সূত্রের ভাষ্য, বিলওয়ালের অনুপস্থিতিতে দলে একজন ভূট্টো দরকার। এ কারণে মেয়ে বখতাওয়ারকে রাজনীতিতে আনার সিদ্ধান্ত নিয়েছেন জারদারি।
দলের জ্যেষ্ঠ নারী নেতারা বখতাওয়ারকে রাজনীতির পাঠ দিচ্ছেন। নানা জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৪ এপ্রিল প্রথম রাজনৈতিক ভাষণ দিতে পারেন তিনি।