তুরস্কের ফার্স্ট লেডির দেওয়া গলার হার হারানোর বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে জিজ্ঞাসাবাদ করবে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফআইএ। খবর ডনের।
পাকিস্তানের বন্যাদুর্গতদের সাহায্য করতে ২০১০ সালে নিজের গলার হার খুলে দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী। কিন্তু ঘটনাচক্রে হাওয়া হয়ে যায় সেই হারটি। পাঁচ বছর পর সেই হার-রহস্যের জট খুলছে। জানা গেছে, সেটি আছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে। একপর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী গিলানি স্বীকার করেন, তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের স্ত্রীর সেই মূল্যবান হারটি তাঁর কাছে আছে। গিলানি বলেন, এরদোয়ানের পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং এরদোয়ানের স্ত্রী তাঁর বোনের মতো। সাবেক প্রধানমন্ত্রী গিলানি বলেন, ‘বোনের সেই হারটি আমার কাছেই আছে।’