পাকিস্তানের নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করতে দেশটির পার্লামেন্টে আজ মঙ্গলবার বেলা তিনটায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত শুক্রবার প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হন এবং পরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
এদিকে গতকাল সোমবার বৈঠক করেও প্রধানমন্ত্রী পদে জোটবদ্ধভাবে কোনো প্রার্থী নির্বাচিত করতে পারেনি বিরোধী দলগুলো। নওয়াজ শরিফের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মনোনয়ন পাওয়া শহীদ খাকান আব্বাসীকে নিয়েও একই বিপদে পড়তে যাচ্ছে তাঁর দল পাকিস্তান মুসলিম লীগ পিএমএল-এন। দুর্নিতীর অভিযোগে সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছে পিএমএল-এন। কিন্তু তিনি প্রাদেশিক পরিষদের সদস্য না হওয়ায় দেশটিতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। জাতীয় পরিষদের সচিবালয় থেকে পাকিস্তান মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শহীদ খাকান আব্বাসী। দেশটির প্রধান বিরোধী দল পিপিপির একটি সূত্রের বরাত দিয়ে ডন-এর খবরে বলা হয়েছে, দলটি প্রধানমন্ত্রী পদের জন্য সৈয়দ খুরশিদ শাহকে তাদের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এএমএলের প্রেসিডেন্ট শেখ রাশিদ আহমেদ দেশটির বিরোধী দল পিটিআইয়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জাতীয় পরিষদ সচিবালয়ের এক চিঠিতে বলা হয়েছে, মনোনয়নপত্র গতকাল সোমবার জাতীয় পরিষদের সচিবের কাছে বেলা দুইটার মধ্যে পৌঁছানোর কথা। আজ মঙ্গলবার বেলা তিনটায় পার্লামেন্টের অধিবেশন বসছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত করাই এই অধিবেশনের একমাত্র উদ্দেশ্য।
আদালতে অযোগ্য ঘোষিত হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো নওয়াজ শরিফ তাঁর ছোট ভাই শাহবাজ শরিফকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী করার পরিকল্পনা প্রকাশ করেন। গত শনিবার দলীয় বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।
এদিকে দেশটির বিরোধী দলগুলো পিএমএল-এনের প্রার্থীর বিরুদ্ধে জোটবদ্ধ প্রার্থী দেওয়ার কথা ভাবলেও গতকাল সোমবার অনুষ্ঠিত বৈঠকে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। জিও টিভির খবরে এ কথা বলা হয়েছে। ৩৪২ আসনের জাতীয় পরিষদে নওয়াজের দল পিএমএল-এনের ২০৯টি আসন রয়েছে। তাই তাঁদের প্রার্থী দেশটির সাবেক জ্বালানিমন্ত্রী শহীদ খাকান আব্বাসী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিনা বাধায় নির্বাচিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, দুই বছর আগে একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় আব্বাসীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিট ব্যুরো—এনএবি।