টালমাটাল নওয়াজ সরকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকটে হাবুডুবু খাওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টায় অনড় রয়েছে ইমরান খানের আজাদি মার্চ ও তাহির-উল-কাদরির ইনকিলাব মার্চের বিক্ষোভকারীরা। গত শনিবার রাত ও রোববার সকালের পর গতকাল সোমবারও দিনভর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এর পরও ইসলামাবাদের ‘রেড জোনে’ কয়েক দিন ধরে দিন-রাত লাগাতার অবস্থান নিয়ে থাকা বিক্ষোভকারীদের পিছু হটার কোনো লক্ষণ নেই।
বিক্ষোভকারীদের এই অনমনীয় অবস্থান ও ক্ষমতাধর সেনাবাহিনীর কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে সরকার, নিজ দল ও সেনাবাহিনীর সঙ্গে জোর আলোচনা চালিয়ে ক্ষমতা টেকানোর তোড়জোড় শুরু করেছে নওয়াজ সরকার। এরই মধ্যে গতকাল রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি সাময়িক-ভাবে দখল করে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বিক্ষোভকারীদের পক্ষে আন্দোলনে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির অন্যতম রাজনৈতিক দল এমকিউএম। খবর এএফপি, বিবিসি, রয়টার্স ও ডনের।
সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও ধর্মীয় নেতা তাহির-উল কাদরির পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) কর্মী-সমর্থকদের সরকারবিরোধী বিক্ষোভ ১৮তম দিনে গড়িয়েছে গতকাল। ‘ভোট জালিয়াতি করে ক্ষমতায় আসা’ প্রধানমন্ত্রী নওয়াজের পদত্যাগের দাবিতে গত ১৪ আগস্ট শুরু হয় তাঁদের পৃথক আজাদি ও ইনকিলাব মার্চ। 
পিটিভি দখল: কয়েক দিন ধরে টানা বিক্ষোভ ও অবস্থানের একপর্যায়ে গতকাল দুপুরে ইসলামাবাদে পিটিভির ভবনে অতর্কিতে ঢুকে সেটি দখল করে নেয় বিক্ষোভকারীরা। এতে কিছু সময়ের জন্য চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। তবে আধা ঘণ্টার মধ্যে সেনা ও আধা সামরিক বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেন।
সম্প্রচার বন্ধ হওয়ার আগ মুহূর্তে চ্যানেলটির খবরে বলা হয়, ‘বিক্ষোভকারীরা এ ভবনে ঢুকে কর্মীদের অবরুদ্ধ করে ফেলেছেন। তবে চিন্তার কিছু নেই। আমরা সর্বশেষ তথ্য জানাব।’ এরপর বন্ধ হয়ে যায় সম্প্রচার। পিটিভি দখল করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইমরান খান। তিনি বলেন, পিটিআই বা পিএটির কর্মী-সমর্থকেরা ভবনটিতে ঢোকেননি। এ ঘটনা অন্য কেউ ঘটিয়েছে।
দমনাভিযান শুরুর প্রস্তুতি: রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে হামলার পর প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দরকার পড়লে সরকার তার ক্ষমতা প্রয়োগে কার্পণ্য করবে না। হামলাকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
দিনভর সংঘর্ষ: পিটিভি ভবনে হামলার আগে সকালে ইসলামাবাদে ভারী বৃষ্টিপাতের মধ্যে ‘রেড জোন’ এলাকায় ইমরান ও কাদরির কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। থেমে থেমে দিনভর এ সংঘর্ষ চলে। তিন হাজারের বেশি বিক্ষোভকারী প্রধানমন্ত্রী নওয়াজের বাসভবন ঘেরাওয়ের লক্ষ্যে সেদিকে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা পুলিশের ওপর লাঠিসোঁটা ও ইটপাটকেল দিয়ে হামলা চালায় এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষে পুলিশসহ অনেকে আহত হয়। কিছু বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর বাসভবনে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে তা ব্যর্থ হয়। এ সময় নওয়াজ সেখানে ছিলেন কি না, তা জানা যায়নি। 
প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বৈঠক: বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান রাহেল শরিফ। সেনাপ্রধান রাজনৈতিক সংকট নিয়ে রোববার সন্ধ্যায় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়াদি তাঁকে অবহিত করেন। গতকালের বৈঠকে নওয়াজকে পদত্যাগে সেনাপ্রধান অনুরোধ জানিয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। তবে সরকার গুজব উড়িয়ে দিয়েছে।
ওদিকে সেনাবাহিনীর পাশাপাশি দলের জ্যেষ্ঠ নেতা ও সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে জোর সলাপরামর্শ চালাচ্ছেন নওয়াজ।
বিক্ষোভে যোগ দিচ্ছে এমকিউএম: চলমান সরকারবিরোধী আন্দোলনে শরিক হওয়ার ইঙ্গিত দিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)। দলের নেতা ফারুক সাত্তার বলেন, তাঁর দল ও এর প্রধান আলতাফ হুসেইন সংলাপের মাধ্যমে বর্তমান সংকট কাটানোর চেষ্টা করছেন। কিন্তু ইসলামাবাদে বিক্ষোভকারীদের ওপর দমনাভিযান চলতে থাকলে রাস্তায় নামা ছাড়া আর বিকল্প পথ থাকবে না।
পিটিআই সদস্যদের পদত্যাগ: সিন্ধুর প্রাদেশিক পরিষদ থেকে পদত্যাগ করতে পদত্যাগপত্র জমা দিয়েছেন পিটিআইয়ের সাংসদেরা। পরিষদের সচিবালয়ে গতকাল চার এমপির সবাই পদত্যাগপত্র জমা দেন। সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্ট ‘জাতীয় পরিষদ’ থেকে দলটির ৩১ জন সদস্য এবং গত সপ্তাহে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ থেকে ২৯ জন সদস্য পদত্যাগ করেন।
সুপ্রিম কোর্টের অসন্তোষ: পার্লামেন্ট ভবন এলাকায় সহিংসতার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। চলমান সংকট নিরসনে সুপ্রিম কোর্টের কাছ থেকে বিক্ষোভে অংশগ্রহণকারী দলগুলো কী ভূমিকা আশা করে, সে ব্যাপারেও জানতে চেয়েছেন আদালত। 
ইসলামাবাদের প্রাণকেন্দ্রে সংঘর্ষ-সহিংসতার মতো অসাংবিধানিক কর্মকাণ্ড ও বিক্ষোভকারীদের অবস্থান নেওয়ার বিরুদ্ধে দাখিল করা এক আবেদনের ওপর গতকাল শুনানি চলাকালে সুপ্রিম কোর্ট এসব কথা জানতে চান। শুনানি চলার সময় পিটিআইয়ের আইনজীবী আহমেদ আওয়েইজ উপস্থিত থাকলেও পিএটির পক্ষে কেউ ছিলেন না।
‘বাংলাদেশ মডেল’: পাকিস্তানে বাংলাদেশের আদলে পরিকল্পিতভাবে রাজনৈতিক সংকট তৈরি করা হচ্ছে বলে চমকপ্রদ দাবি করেছেন পিটিআইয়ের সভাপতি জাভেদ হাশমি। তাঁর এ দাবির পর পাকিস্তানের কিছু রাজনৈতিক বিশ্লেষকও ধারণা করছেন, পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকটের পেছনে ‘বাংলাদেশ মডেলের’ একটা সংস্করণের ভূমিকা থাকতে পারে। 
ওই বিশ্লেষকদের মতে, ‘বাংলাদেশ মডেল’ একধরনের সহজ-সরল অভ্যুত্থান। এই মডেলের মৌলিক ধারণা হলো, জনগণের স্বার্থের কথা বলে রাজনীতি থেকে দূষিত উপাদান (বিরোধী দল) নির্মূল করা। আর এর ফলে সৎ নেতা নির্বাচনের কাজটি সম্ভবপর হয়ে ওঠে না।
আন্দোলনের প্রেক্ষাপট: গত বছরের মে মাসে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন)। দেশটিতে সেবারই প্রথম কোনো নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করে আরেকটি নির্বাচিত সরকার। তবে নওয়াজ সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে পিটিআইসহ বিরোধীরা। পরে গত জুনে সরকারবিরোধী এই মার্চ শুরুর ঘোষণা দেওয়া হয়।