টিকটিকি ভয় পান ইমরান খান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান
ছবি এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান টিকটিকি ভয় পান। জিয়ো নিউজের অনুষ্ঠান ‘ক্যাপিটাল টক’-এ এমন দাবি করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আসিফ আলি জারদারি।

আসিফ আলি জারদারি বলেন, ‘আমি তিন মাস কারাগারে ছিলাম...। অন্যদিকে ইমরান খান টিকটিকি ভয় পান।’ পিটিআই চেয়ারম্যানকে খোঁচা দিয়ে জারদারি বলেন, ২০০৭ সালে আইনজীবী আন্দোলনের সময় ইমরান খানকে আট ঘণ্টা আটক রাখা হয়েছিল। সেখানে দেখা গেল তিনি টিকটিকি ভয় পান।

পিপিপি নেতা আসিফ আলি জারদারি বলেন, যদি ইমরান খানকে কারাগারে নেওয়া হয়, তখন এটা এই গোরা (সাদা) সাহেবের জন্য অনেক বিপত্তির কারণ হবে।

এদিকে ইমরান খানের বিরুদ্ধে একটি তদন্ত শুরু করেছে পাকিস্তানের শীর্ষ তদন্ত সংস্থা। অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালে উপহার হিসেবে দামি একটি হার পেয়েছিলেন তিনি। বিশেষ সহকারীর মাধ্যমে ১৮ কোটি পাকিস্তানি রুপিতে হারটি বিক্রি করেন। আইন অনুযায়ী ওই হার দেশের কোষাগারে জমা দেওয়ার কথা, কিন্তু ইমরান খান সেটা করেননি।

মন্ত্রিসভা গঠনে পিপিপি নেতা ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিসহ জোটের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ খান বৈঠক করেছেন বলে গতকাল বুধবার জানিয়েছে জিয়ো নিউজ।

সূত্রের বরাত দিয়ে বলা হয়, বৈঠকে পিটিআই নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা না দিতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন জারদারি। সবার অংশগ্রহণমূলক ও সহনশীলতার রাজনীতির ওপর জোর দেন তিনি। সরকার প্রতিশোধের রাজনীতি করছে এমন ধারণা তৈরি হলে তা সরকারের জন্য ভালো হবে না বলে মনে করেন সাবেক প্রেসিডেন্ট।

জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে ৯ এপ্রিল ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর ১১ এপ্রিল পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি ও বিরোধীদলীয় নেতা শাহবাজ খান।