করোনাভাইরাসের টিকা কিনতে ২ হাজার ১২৫ কোটি টাকা (২৫ কোটি ডলার) বরাদ্দ করেছে পাকিস্তান। সেই সঙ্গে টিকা প্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অপ্রকাশিত চুক্তিও করেছে দেশটি। ডনের খবর।
খবরে বলা হয়, পাকিস্তান প্রাথমিক পর্যায়ে টিকা কিনতে ১ হাজার ২৭৫ কোটি টাকা (১৫ কোটি ডলার) বরাদ্দ করেছিল। পরে তা বাড়িয়ে ২ হাজার ১২৫ কোটি টাকায় উন্নীত করা হয়। ডনকে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) পার্লামেন্টারি সেক্রেটারি নওশিন হামিদ।
নওশিন হামিদ বলেন, টিকা পাওয়া নিশ্চিত করতে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হচ্ছে। সম্প্রতি রাশিয়া তার কাছ থেকে টিকা কেনার প্রস্তাব দিয়েছে। জনস্বাস্থ্যের বিষয়টি আমাদের শীর্ষ অগ্রাধিকার হওয়ায় টিকা নিরাপদ ও কার্যকর কি না, সেদিকে নজর দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টিকা তৈরিতে যুক্ত ছয়টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার বাইরে আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে।
টিকা কবে সহজলভ্য হবে, জানতে চাইলে নওশিন হামিদ বলেন, তাঁরা আশা করছেন আগামী মার্চের মধ্যে এটি সরবরাহ করা সম্ভব হবে। তবে তিনি বলেন, ‘আমরা সবাইকে টিকা দেব না। অগ্রাধিকারের তালিকা অনুযায়ী, প্রথম ধাপে করোনা চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও ৬৫ বছর বয়সের বেশি মানুষকে এটি দেওয়া হবে। দ্বিতীয় ধাপে অন্যান্য স্বাস্থ্যকর্মী ও ৬০ বছরের বেশি বয়সী লোকজনকে দেওয়া হবে।’
আগামী বছরের শেষ নাগাদ টিকা সব মানুষের কাছে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন নওশিন হামিদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টিকা তৈরিতে যুক্ত ছয়টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার বাইরে আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে।
আমরা সবাইকে টিকা দেব না। অগ্রাধিকারের তালিকা অনুযায়ী, প্রথম ধাপে করোনা চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও ৬৫ বছর বয়সের বেশি মানুষকে এটি দেওয়া হবে।
এই কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানে চীনের তৈরি টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে। দেশটির টিকা অগ্রাধিকারের ভিত্তিতে পাওয়ার আশা করছি আমরা। বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে আশ্বস্ত করেছে, তাতে ফেব্রুয়ারির শেষ বা মার্চ নাগাদ আমরা ১ লাখ থেকে ৫ লাখ ডোজ টিকা পেতে পারি। চলতি মাসেই বা আগামী বছরের শুরুতে কেন টিকা আনা যাবে না, সে বিষয়ে তিনি বলেন, পাকিস্তান উন্নয়নশীল দেশ এবং কিছু ঝুঁকি থাকায় তহবিল অপচয় হতে পারে।’
এদিকে পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশনার সেন্টারের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে ২ হাজার ৭২৯ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৭১ জন।