ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদেই সফর স্থগিতের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, পাকিস্তানের নিন্দা জানিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যের প্রতিবাদে ওয়াশিংটনের সঙ্গে আলাপ-আলোচনা ও দ্বিপক্ষীয় সফর স্থগিতের সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এর খবরে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ গত সোমবার সিনেটে বলেছেন, পাকিস্তান প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে।

দক্ষিণ এশিয়া নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন নীতি ঘোষণার পর পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষাপটে খাজা মোহাম্মদ ওই কথা জানালেন। ট্রাম্পের ঘোষিত ওই নীতি পাকিস্তান নিজের জন্য নেতিবাচক বলে মনে করছে।

গত সপ্তাহে ট্রাম্প কমান্ডার-ইন-চিফ হিসেবে দেওয়া তাঁর প্রথম ভাষণে আফগানিস্তানে আরও বিদেশি সেনা মোতায়েন ও দেশটির সমস্যায় ভারতের ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে পাকিস্তান ‘বিশৃঙ্খলার এজেন্টদের’ নিরাপদ স্বর্গ হয়ে উঠেছে বলে অভিযোগ করে দেশটির তীব্র সমালোচনা করেন।

ট্রাম্পের অভিযোগ ও সমালোচনার প্রতিবাদে ক্ষুব্ধ পাকিস্তান গত রোববার দেশটিতে মার্কিন ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পরিকল্পিত সফর স্থগিত করে। ট্রাম্পের দক্ষিণ এশিয়া নীতি নিয়ে আসিফ বলেন, এ নীতিতে আফগানিস্তানে অস্থিতিশীলতার পেছনে ভারতের সামরিক ভূমিকার বিষয় বিবেচনায় নেওয়া হয়নি। তিনি আরও বলেন, তাঁর দেশ বিশৃঙ্খলার এজেন্টদের আশ্রয় নয়; বরং আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।

খাজা মোহাম্মদ দাবি করেন, পাকিস্তানকে অস্থিতিশীল করতে ভারতকে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না তাঁর দেশ।