ডুবোজাহাজ থেকে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

পাকিস্তান প্রথমবারের মতো কোনো ডুবোজাহাজ বা সাবমেরিন থেকে গত সোমবার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। বাবুর-৩ নামের ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনের সামর্থ্য রাখে বলে সামরিক বাহিনী জানিয়েছে।
ডুবোজাহাজ থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে পাকিস্তান নিজেদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে একধরনের হুঁশিয়ারি দিল। বাবুর-৩ ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার পর্যন্ত দূরে আঘাত হানতে পারে। ভারত মহাসাগরের কোনো এক জায়গা থেকে পাকিস্তান এটি উৎক্ষেপণ করে।
পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানায়, দেশটি এই সাফল্যকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। বাবুর-৩ বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র নিয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এটা পাকিস্তানকে ‘নির্ভরযোগ্য দ্বিতীয় আঘাত হানবার সামর্থ্য’ দেবে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, এই পরীক্ষার মাধ্যমে পাকিস্তানের প্রযুক্তিগত উন্নতি এবং স্বনির্ভরতার প্রকাশ ঘটেছে।
এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।
পাকিস্তান গত ডিসেম্বরে বাবুর-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি স্থল থেকে সাগরে নিক্ষেপ করা যায়। এরই নতুন ও উন্নততর সংস্করণ বাবুর-৩। সামরিক বাহিনী জানায়, এই ক্ষেপণাস্ত্র সাগরতলে থাকা ডুবোজাহাজ থেকে নিয়ন্ত্রণ করা যায়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি। দেশটি ২০০৮ সালেই ডুবোজাহাজ থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। আর ২০১৩ সালে তারা ডুবোজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে।
১৯৯৮ সালের পর থেকে ভারত ও পাকিস্তান বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।
পাকিস্তান গত বছর বলেছিল, তারা ভারতের ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী একাধিক অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ নিয়ে খুবই উদ্বিগ্ন। গণমাধ্যমের খবরে ওই পরীক্ষাগুলোকে ভারতের নতুন নতুন পারমাণবিক অস্ত্র তৈরির ইঙ্গিত হিসেবে বর্ণনা করা হয়েছিল। খবরে বলা হয়, ভারত গত ১৫ মে দেশীয় নকশায় তৈরি একটি ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালায়।
ভারতের সন্দেহ প্রকাশ
এদিকে পাকিস্তানি কর্মকর্তারা বাবুর-৩ উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশের এক দিন পর ভারতীয় বিশেষজ্ঞরা বলেছেন, এটা ভুয়া ছবি হতে পারে। কারণ, সেখানে একটি নয়, দুটি ক্ষেপণাস্ত্র দেখা যায়। একটি সাগরের নিচ থেকে ছুটে যায়, যার রং ধূসর। পরের দৃশ্যে কমলা রঙের আরেকটি ক্ষেপণাস্ত্র দেখা যায়।
নৌবাহিনীর একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এ খবর দিয়েছে।