তালেবান সরকারকে স্বীকৃতি দিতে সিদ্ধান্ত নেবে পাকিস্তানের মন্ত্রিসভা

কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে তালেবান যোদ্ধাদের পাহারাছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে সরকার গড়তে তৎপরতা শুরু করেছে তালেবান। এই তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে কি না, এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন–এর খবরে বলা হয়েছে, গতকাল বুধবার সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। যদিও এর আগে পাকিস্তান বলেছিল, আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনা করে তালেবানের স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রশিদ আহমেদ বলেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা চায় পাকিস্তান। তিনি বলেন, ‘আমরা শান্তির সমর্থক। আমাদের ভূমি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে অন্য কোনো দেশের ভূমি আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে বসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল পাকিস্তান।

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় থাকাকালীন পাকিস্তানসহ তিনটি দেশের কাছ থেকে স্বীকৃতি পেয়েছিল তালেবান। বাকি দুটি দেশ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

রশিদ আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশনা অনুযায়ী আফগানিস্তান থেকে যাঁরা আসছেন, তাঁদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে।

এর গত মঙ্গলবার আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিল পাকিস্তানের মন্ত্রিসভা। এতে সভাপতিত্ব করেন ইমরান খান। বৈঠক শেষে দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তালেবান সরকারকে স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়ার আগে আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনা করা হবে। তাদের পরামর্শ নেওয়া হবে।’

তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল নেয় ১৫ আগস্ট। এর এক দিন আগে থেকে ৬১৩ পাকিস্তানি নাগরিক এবং ৯০০ জন বিদেশি কূটনীতিক ও দূতাবাসের কর্মীদের পাকিস্তানে আনা হয়েছে বলে জানান তিনি।