তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া ছিল 'সাংঘাতিক ভুল': মোশাররফ

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া পাকিস্তানের জন্য ছিল ‘সাংঘাতিক ভুল’। আজ শুক্রবার করাচিতে ইয়ুথ পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় এ কথা স্বীকার করেছেন পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ। তবে আল-কায়েদার জন্মের জন্য তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন।
আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, ইয়ুথ পার্লামেন্টে দেওয়া মোশাররফ বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া একমাত্র দেশ পাকিস্তান। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রথমে তালেবান সরকারকে স্বীকৃতি দিলেও পরবর্তী সময়ে তা প্রত্যাহার করে নেয়।
মোশাররফ (৭১) বলেন, ১৯৭৯ সালের সোভিয়েত আগ্রাসন বিশ্বব্যাপী রাজনৈতিক পরিবেশ বদলে দেয়। মোশাররফের মতে, যুক্তরাষ্ট্র ওই সময় তিনটি বড় ভুল করে।
সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করা ২৫ হাজার মুজাহিদিনের পুনর্বাসন না করা প্রথম বড় ভুল। এ কারণে তারা পাকিস্তানে চলে আসে এবং আল-কায়েদা গঠন করে। পশ্চিমাদের তালেবানকে স্বীকৃতি না দেওয়া ছিল দ্বিতীয় বড় ভুল। আফগানিস্তানের পাহাড়ি এলাকায় জঙ্গিদের হটাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর অভিযান ছিল তৃতীয় বড় ভুল।
কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দূর হবে না বলে মনে করেন তিনি।