তালেবানের উত্থান কি পাকিস্তানের বিপদের কারণ হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানে এখন আলোচিত একটি নাম সালমা তানভির। ২০১৩ সাল পর্যন্ত লাহোরে একটি স্কুল পরিচালনা করতেন তিনি। ধর্মপ্রাণ হিসেবে পরিচিত ছিলেন সালমা ও তাঁর স্বামী। ছয়বার মক্কায়ও গিয়েছেন। হঠাৎ সবকিছু বদলে যায়। স্থানীয় একটি মসজিদের ইমাম অভিযোগ করেন, মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে মানেন না সালমা। তাঁর বিরুদ্ধে ব্লাসফেমি আইনে মামলা হয়। গত ২৭ সেপ্টেম্বর লাহোরের নিম্ন আদালত সালমাকে অভিযুক্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ঝুলিয়ে রাখতে বলা হয় সালমার দেহ।

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর, এই নয় মাসে পাকিস্তানে বড় ধরনের হামলা-বিস্ফোরণের ৬৭টি ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন অন্তত ৩২৯ জন। গত দুই মাসে (আগস্ট-সেপ্টেম্বর) পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় এসব ঘটনা অনেকটা বেড়ে গেছে।

আশির দশকে পাকিস্তানে ব্লাসফেমি আইন কঠোর করার পর থেকে প্রায় দুই হাজার মানুষ সাজা পেয়েছেন। তাঁদের মধ্যে ১২৮ জনকে ক্ষুব্ধ জনতা পিটিয়ে মেরে ফেলেছেন। তবে ফাঁসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারও সাজা এখন পর্যন্ত কার্যকর করা হয়নি। এ কারণে সালমার সাজা বাস্তবায়ন হয়তো হবে না। তবে এ ঘটনা পাকিস্তানের সামাজিক বিভাজনের চিত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

সামরিক ক্ষেত্রে পাকিস্তান বেশ শক্তিশালী। পারমাণবিক অস্ত্র রয়েছে দেশটির হাতে। রয়েছে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা। দক্ষ পেশাজীবীদের নিয়ে পরিচালিত হয় দেশটির বিচার কার্যক্রম। কিন্তু এর বিপরীতেই পাকিস্তানে বলবৎ রয়েছে মধ্যযুগীয় নিষ্ঠুর আইন। দেশটির সাধারণ মানুষের বড় একটি অংশ শিক্ষায় পিছিয়ে রয়েছে। নিষ্ঠুর আইন ও স্বল্পশিক্ষিত জনগণ—ভোটের রাজনীতিতে পাকিস্তানি রাজনীতিকেরা দুটোকেই ব্যবহার করতে পছন্দ করেন।

আফগানিস্তানের ক্ষমতায় কট্টর তালেবানদের পুনরুত্থানের পর প্রতিবেশী পাকিস্তানের পরিস্থিতিও বদলাচ্ছে। দেশটি থেকে পশ্চিমাদের বিদায় নেওয়া ও তালেবানের ক্ষমতা গ্রহণে পাকিস্তানে একই সঙ্গে স্বস্তি ও উদ্বেগ—দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বছরের পর বছর পাকিস্তানের ক্ষমতাসীনেরা তালেবানকে সমর্থন জুগিয়ে এসেছে। এখনো তালেবানের ঘনিষ্ঠ মিত্র ইসলামাবাদ। বাইরের বিশ্বের সঙ্গে তালেবান নিয়ন্ত্রিত কাবুলের যোগাযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে পাকিস্তান। এর মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে পাকিস্তানের কূটনীতির প্রভাব ও গ্রহণযোগ্যতা এবং বাণিজ্যিক সম্ভাবনা বাড়াতে চাইছেন দেশটির শাসকেরা।

তবে ২২ কোটি মানুষের দেশ পাকিস্তান পাশের দেশে তালেবানের পুনরুত্থানে কিছুটা চিন্তিত। এর কারণ, পাকিস্তানের স্বল্পশিক্ষিত মানুষ তালেবানের প্রভাবে আরও কট্টর হয়ে উঠতে পারে। দেশটিতে বাড়তে পারে সালমার মতো ভুক্তভোগী মানুষের সংখ্যা। যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপের সাম্প্রতিক এক জরিপের ফলাফল, ৫৫ শতাংশ পাকিস্তানি প্রতিবেশী আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলে সন্তুষ্ট।

তালেবানের ক্ষমতা দখলের পর পাকিস্তানে আশ্রয় নিতে দলে দলে আফগান দেশটির সীমান্তে জড়ো হন। ১২ আগস্ট, পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত শহর চামানে।
ছবি: রয়টার্স

পাকিস্তানিদের একটি অংশ মনে করছেন, কাবুলে তালেবানের উত্থান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে জিহাদি কর্মকাণ্ড, সন্ত্রাসবাদ ও শরণার্থীর ঢল বাড়াতে পারে। দেখা দিতে পারে বাইরের শক্তির অযাচিত হস্তক্ষেপ। ইতিমধ্যে ইসলামাবাদের একটি মসজিদে কট্টর ইসলামপন্থীরা তালেবানের পতাকা উড়িয়েছে। কয়েক বছর ধরে পাকিস্তানে উগ্র ইসলামপন্থীদের হামলার ঘটনা কমতির দিকে ছিল। এখন তা বাড়তে শুরু করেছে।
সন্ত্রাসবাদ পর্যবেক্ষণকারী অনলাইনমাধ্যম সাউথ এশিয়া টেরোরিজম পোর্টালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই নয় মাসে পাকিস্তানে বড় ধরনের হামলা-বিস্ফোরণের ৬৭টি ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন অন্তত ৩২৯ জন। গত দুই মাসে (আগস্ট-সেপ্টেম্বর) পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় এসব ঘটনা অনেকটা বেড়ে গেছে।

কাবুল দখলের পর তালেবান যোদ্ধারা আফগানিস্তানে বিভিন্ন কারাগারের ফটক খুলে দিয়েছে। মুক্ত করে দিয়েছে কয়েদিদের। তাঁদের মধ্যে কট্টর ইসলামপন্থী, সন্ত্রাসবাদে মদদদাতা অনেক আসামি রয়েছেন। এটাও পাকিস্তানের উদ্বেগ বাড়িয়েছে। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ও দলটির নেতা ফকির মোহাম্মদ পাকিস্তানের ইতিহাসে কয়েকটি ভয়াবহ হামলার ঘটনায় অভিযুক্ত।

তালেবানের সরকার গঠনের আগমুহূর্তে কাবুলে ছুটে গিয়েছিলেন আইএসআইয়ের সদ্য বিদায়ী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ। বিশ্লেষকদের ধারণা, আফগানিস্তানের তালেবান সরকারে আইএসআই তথা পাকিস্তানি সামরিক বাহিনী ও ইমরান খান সরকারের প্রভাব নিশ্চিত করেই কাবুল সফরের ইতি টেনেছিলেন তিনি।

আফগানিস্তানজুড়ে টিটিপির পাঁচ হাজারের বেশি সক্রিয় সদস্য রয়েছেন। তালেবানের কাবুল দখলের পর কারাগার থেকে বেরিয়ে এসেছেন ফকির মোহাম্মদ। কারাগার থেকে বেরিয়ে এসেই টিটিপির এই নেতা আফগানিস্তানের মতো পাকিস্তানেও ইসলামি শরীয়াহ আইন চালুর ঘোষণা দিয়েছেন। এর ফলে আগামীতে পাকিস্তানে সহিংস ঘটনা আরও বাড়তে পারে। এমনকি প্রতিটি দিন এর লক্ষণ দেখা যাচ্ছে— এমনটা মনে করছেন পাকিস্তানি কলাম লেখক মোশারফ জাইদি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনী ও ধর্মীয় শক্তির সঙ্গে ভারসাম্য বজায় রেখে দেশ পরিচালনা করছেন, দেশ-বিদেশের সমালোচকেরা এমনটাই বলে থাকেন। ইমরান খানের নানা কাজে এর ইঙ্গিত মিলেছে বলেও মত তাঁদের। পাকিস্তান সরকার সম্প্রতি একটি আইনের প্রস্তাব করেছে। এতে বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে বিদ্রূপ ও অপমান করা যাবে না। সশস্ত্র বাহিনীর বদনাম হয় এমন কাজ করা থেকে দূরে থাকতে হবে। কোনো বেসামরিক ব্যক্তি এমন কাজ করলে অপরাধী হিসেবে গণ্য হবেন। এতে ন্যূনতম দুই বছরের কারাদণ্ড হতে পারে। গত মাসে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইমরান খান। ওই বৈঠকে তিনি ঘোষণা দেন, ধর্মীয় বিধিবিধানের বিরুদ্ধে যায় এমন কোনো আইন করবে না তাঁর সরকার।

আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানে আগামীতে পাকিস্তানে সহিংস ঘটনা আরও বাড়তে পারে। এমনকি প্রতিটি দিন এর লক্ষণ দেখা যাচ্ছে।-
মোশারফ জাইদি, পাকিস্তানি কলাম লেখক

পাকিস্তানের তালেবান নীতি নিয়ে এখনো কিছুটা দ্বিধায় ভুগছেন ইমরান খান। একসময় ইসলামাবাদের পাশে বন্ধু হিসেবে ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এবার কাবুলের পালাবদলের পর ওয়াশিংটনকে সেই অর্থে পাশে পায়নি পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইমরান খানকে ফোন করেননি। এটি নিয়ে ইমরান খানের মনে চাপা হতাশা রয়েছে। ওয়াশিংটন পোস্টে লেখা কলামে তিনি বলেছেন, আধুনিক অস্ত্রে সজ্জিত ও পশ্চিমা প্রশিক্ষণপ্রাপ্ত আফগান সরকারি বাহিনী তালেবানের কাছে একেবারেই পাত্তা পায়নি। এর পেছনে পাকিস্তানকে দোষ দিয়ে লাভ নেই। বরং প্রতিবেশী দেশের সংঘাতময় পরিবেশের জেরে পাকিস্তানিরাও জীবন দিয়েছে। অর্থ ব্যয় হয়েছে।

তবে ইমরান খান একটি বিষয় এড়িয়ে গেছেন সেটা হলো, পাকিস্তানের সঙ্গে আফগান–তালেবানের দ্বিমুখী সুসম্পর্ক। তালেবানের সঙ্গে পাকিস্তানের ইসলামপন্থীদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আবার তালেবান নেতারা পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গেও সম্পর্ক এগিয়ে নিচ্ছেন। ফলে আফগানিস্তান-পাকিস্তানে জিহাদিদের উত্থানের পেছনে পাকিস্তানের জেনারেলদের ভূমিকা নিয়ে যেসব গুঞ্জন ও সমালোচনা রয়েছে, তা কার্যত এড়িয়ে গেছেন ইমরান।
২০০৬ থেকে ২০১৫ সালের মধ্যে পাকিস্তান ছোটবড় মিলিয়ে ১৬ হাজার সন্ত্রাসী হামলার শিকার হয়েছে বলে দাবি করেছেন ইমরান খান। যদিও এসব হামলার পেছনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মদদের দিকে অভিযোগের আঙুল পাকিস্তান সরকারের। তবে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের দুপাশে বিভক্ত সংখ্যালঘু গোষ্ঠী ও তাদের ভূমিকা, পাকিস্তানের সুরক্ষিত সেনা আবাসে আল–কায়েদা নেতা ওসামা বিন লাদেনের গোপনে বসবাস, দেশটির ভূখণ্ডে রাতের আঁধারে মার্কিন বাহিনীর গোপন অভিযানে লাদেনকে হত্যার বিষয়ে কিছুই বলেননি তিনি।

তালেবানের পুনরুত্থান কার্যত ইমরান খানের জন্য লাভজনক বিবেচিত হচ্ছে। ২০১৮ সালের নির্বাচনে জয়ের পর থেকে জনপ্রিয়তা ধরে রাখতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁকে। পাকিস্তানিদের অনেকের ধারণা, ইমরান খান পুতুল হয়ে মসনদে বসে আছেন। প্রকৃত ক্ষমতা সেনাবাহিনীর হাতে। অন্যদিকে ক্ষমতা পোক্ত করতে ইমরান খান দুর্নীতি দমনের নামে সাবেক রাজনীতিক ও সরকারি আমলাদের বিরুদ্ধে রীতিমতো ক্রুশেড শুরু করেছেন। দেশছাড়া হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। যদিও সবশেষ প্যান্ডোরা পেপারসসহ বিভিন্ন সময় ইমরান–ঘনিষ্ঠদের দুর্নীতির খবর সামনে এসেছে। সংবাদমাধ্যমের স্বাধীনতায়ও লাগাম টেনেছে ইমরান খানের সরকার।

আফগানিস্তান ইস্যুতে আগামী দিনগুলোয় পাকিস্তানের কৌশলগত বিজয় অর্জনের পুরোটাই নির্ভর করছে ইমরান খানের বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর। বাস্তব পরিস্থিতির নিরিখে তাঁকে উদ্যোগ নিতে হবে এবং সেটা পুরো বিশ্বকে বোঝাতে হবে। ‘গরিব বন্ধু’ তালেবানের জন্য আর্থিক-মানবিক সহায়তা জোগাড় করতে হবে। এ চ্যালেঞ্জ মোকাবিলার ওপর নির্ভর করছে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ।

করোনা মহামারিকালে ইমরান খানের পাকিস্তান প্রতিবেশীদের তুলনায় বেশ ভালো অবস্থানে ছিল। পাশের দেশ ইরানে করোনায় প্রতি মিলিয়নে মৃত্যুহার পাকিস্তানের তুলনায় দশ গুণ বেশি ছিল। ভারতের করুণ পরিস্থিতি বিশ্ববাসী দেখেছে, সেই তুলনায় পাকিস্তান ছিল অনেকটা নিরাপদ। ওই সময় ভারতের মতো দেশজুড়ে কঠোর বিধিনিষেধ না দেওয়ায় ইমরান খানের সমালোচনা হয়েছিল। তবে এখন তাঁর ওই সিদ্ধান্ত ফলপ্রসূ প্রমাণিত হয়েছে। কয়েক বছর ধরে জনপ্রিয়তা কমতির দিকে থাকলেও গত আগস্টের শেষে এক জরিপে দেখা গেছে, পাকিস্তানের ৪৮ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী পদে ইমরান খানের কার্যকলাপে সন্তুষ্ট।

করোনা মোকাবিলার পাশাপাশি প্রধানমন্ত্রী ইমরান খানের অন্যতম সফলতা রাজনীতির মাঠ কার্যত প্রতিদ্বন্দ্বীশূন্য রাখা। ক্ষমতা গ্রহণের পর থেকে তাঁর বিরুদ্ধে বড় কোনো আন্দোলন গড়ে উঠতে দেননি ইমরান খান। ২০২৩ সালের নির্বাচনে তাঁর বিরুদ্ধে লড়তে বিরোধী পক্ষের উল্লেখযোগ্য কোনো মুখ এখন পর্যন্ত দেখা যায়নি। এর মধ্য দিয়ে কার্যত দুটো রেকর্ড ছুঁতে যাচ্ছেন ইমরান খান। প্রথমত, তিনি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্র্রী হতে যাচ্ছেন, যিনি পূর্ণ মেয়াদ ক্ষমতায় রয়েছেন। দ্বিতীয়ত, বড় অঘটন না ঘটলে তিনি হবেন পর পর দুই মেয়াদে ক্ষমতায় থাকা পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী।

আফগানিস্তানে দীর্ঘদিন ধরে ভারত বেশ সক্রিয় ছিল। এখন পাকিস্তানের গোয়েন্দাদের সামনে সেই সুযোগ এসেছে। পাকিস্তানের জন্য শাপেবর হয়েছে আরও দুটো বিষয়। এর একটি, রক্তপাত ছাড়া কাবুলে ক্ষমতার পালাবদল। অন্যটি তালেবান ইস্যুতে ঘনিষ্ঠ মিত্র চীনকে পাশে পাওয়া। যদিও এ প্রক্রিয়ায় অগ্রসর হতে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে ইসলামাবাদের।

আফগান ভূখণ্ডে পাকিস্তানের প্রভাব দেখা গেছে তালেবানের অংশগ্রহণমূলক সরকারে। আফগানিস্তানের এখনকার সরকারে প্রভাবশালী কয়েকটি মন্ত্রণালয়ে পাকিস্তানের চাপে দেশটির মিত্রদের জায়গা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, হাক্কানি নেটওয়ার্কের নাম। তালেবানের সরকার গঠনের আগমুহূর্তে কাবুলে ছুটে গিয়েছিলেন আইএসআইয়ের সদ্য বিদায়ী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ। বিশ্লেষকদের ধারণা, আফগানিস্তানের তালেবান সরকারে আইএসআই তথা পাকিস্তানি সামরিক বাহিনী ও ইমরান খান সরকারের প্রভাব নিশ্চিত করেই কাবুল সফরের ইতি টেনেছিলেন তিনি।

কাবুলের পটপরিবর্তনে পাকিস্তানের সামরিক বাহিনী ও বেসামরিক সরকার, উভয়ই লাভবান হবে বলে আশা করা হচ্ছে। এই পরিস্থিতি ইমরান খানকে দেশটির ভঙ্গুর অর্থনীতি টেনে তোলার সুযোগ এনে দেবে বলেও আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত এক দশকে পাকিস্তানে মাথাপিছু আয় বৃদ্ধি বছরে ২ শতাংশের কম ছিল। দেশটির মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ২০০ ডলার, যা ভারতের দুই-তৃতীয়াংশের কম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গড় আয়ু বিবেচনায় সবার নিচে রয়েছে আফগানিস্তান। তার ওপরে পাকিস্তান। দেশটির রপ্তানি খাত ধুঁকছে। বিপরীতে আমদানি বাড়ছে দ্রুত। বিশেষত চীন থেকে। চীনা আমদানি নির্ভরতা পাকিস্তানের স্থানীয় ক্ষুদ্র শিল্পকে ঝুঁকিতে ফেলেছে। তবে মোটা দাগে আশার আলো একটিই, পাকিস্তানের ক্রমবর্ধমান প্রবাসী আয় বাড়তির পথে রয়েছে।

কল্যাণমূলক ইসলামিক রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান। কিন্তু বাদ সাধে ভঙ্গুর অর্থনীতি। অর্থনীতির পতন ঠেকাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হন তিনি। সংস্থাটি ২০১৯ সালে পাকিস্তানকে ছয় বিলিয়ন ডলার ঋণ দিতে রাজি হয়। এ অর্থের পুরোটা এখনো ছাড় করেনি আইএমএফ। এর মধ্যেই গত জুলাইয়ে পাকিস্তানের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২২ বিলিয়ন ডলারে।

ঘনিষ্ঠ মিত্র চীনের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে পাকিস্তান। এর বিনিময়ে বেইজিং পাকিস্তানের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ এগিয়ে নিচ্ছে। গড়ে তোলা হয়েছে চীন ও পাকিস্তানের মধ্যকার বিশেষ অর্থনৈতিক করিডোর (ইপিইসি)। পাকিস্তানের ভূখণ্ডে এসব প্রকল্পে এখন পর্যন্ত ৬৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীন। তবে সমালোচকেরা বলছেন, ইসলামাবাদ চীনা ঋণের ফাঁদে জড়িয়ে গেছে। গবেষণা প্রতিষ্ঠান এইডডাটা জানিয়েছে, ২০০০ থেকে ২০১৭ সালের মধ্যে পাকিস্তানকে ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। এর মধ্যে ২৭ দশমিক ৮ বিলিয়ন ডলার শর্তযুক্ত ঋণ।

শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয়, সামরিক খাতেও ইসলামাবাদের চীনা নির্ভরশীলতা আগের তুলনায় বাড়ছে। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে চীন যে পরিমাণ অস্ত্র রপ্তানি করেছে তার ৩৮ শতাংশের গন্তব্য ছিল পাকিস্তান—এমনটা জানিয়েছে থিংক ট্যাংক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। তবে চীন-পাকিস্তানের মিত্রতায় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে সন্ত্রাসী হামলার একের পর এক ঘটনা। পাকিস্তানের মাটিতে চীনা প্রকল্পগুলোয় কর্মকর্তা-কর্মচারীদের ওপর এসব হামলা ঠেকাতে সফল হয়নি পাকিস্তান। তবে চীনকে খুশি রাখতে জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর চীনা সরকারের নির্যাতনের অভিযোগের বিষয়ে মুখ বন্ধ রেখেছেন ইমরান খান।

যুক্তরাষ্ট্রের থিঙ্কট্যাংক উইলসন সেন্টারের গবেষক মিখায়েল কুগেলম্যানের মতে, ইমরান খানের সামনে এখন মোটা দাগে তিনটি চ্যালেঞ্জ। পতনশীল অর্থনীতিকে দ্রুত টেনে তোলা, চীনের সঙ্গে মিত্রতা ধরে রেখে জিনজিয়াং নিয়ে রাষ্ট্রীয় নীতি স্পষ্ট করা এবং আফগানিস্তানে সম্ভাব্য মানবিক সংকট কার্যকর উপায়ে সামাল দেওয়া। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁকে কৌশলী হতে হবে। একই সঙ্গে দেশে-বিদেশে তাঁর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ধরে রাখতে হবে। তাহলে সফলভাবে টিকে যাবে ইমরান খানের রাজনৈতিক জীবন।

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট অবলম্বনে প্রতিবেদনটি তৈরি করেছেন অনিন্দ্য সাইমুম ইমন