তালেবানের গুলিতে সন্ত্রাসবিরোধী পুলিশ কর্মকর্তা নিহত
পাকিস্তানের পেশোয়ার শহরে বন্দুকধারীদের গুলিতে দেশটির সন্ত্রাসবিরোধী বিশেষ পুলিশ বাহিনীর (সিটিডি) সহকারী পুলিশ সুপার (ডিএসপি) নিহত হয়েছেন। গতকাল বুধবার শহরের গুলবাহার এলাকায় বন্দুকধারীদের গুলিতে নিহত হন বাহাদুর খান নামের ওই কর্মকর্তা। খবর ডনের।
জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) মুখপাত্র মুহাম্মদ খোরসানি এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন।
পেশোয়ারের এএসপি (অপারেশন) মিঞা সাঈদ বলেন, বাহাদুর খান মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে গুলবাহার এলাকার আনাম সনম চকের কাছে মোটরবাইকে চড়ে আসা বন্দুকধারীদের গুলিতে নিহত হন। তবে তাঁর মেয়ে অক্ষত আছে। ঘটনার পর সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের পাশের উপজাতি-অধ্যুষিত এলাকাগুলো তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত কয়েক বছরে এই শহরে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এই হামলার শিকার হয়েছেন।